বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল

জিটি রিপোর্ট

প্রকাশ:

রাইট-ব্যাক ওয়েসলি
রাইট-ব্যাক ওয়েসলি|ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের পর্দা ওঠার আগেই বড় দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল। প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে চোখের জলে মাঠ ছাড়তে হয়েছে দলের প্রথম পছন্দের রাইট-ব্যাক ওয়েসলিকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই চোটের কারণে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কোচ কার্লো আনচেলোত্তিও।

শনিবার ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামে ব্রাজিল। ব্রুনো গিমারায়েস ও এনদ্রিকের গোলে ২-১ ব্যবধানে জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মিশরের হয়ে একমাত্র গোলটি করেন মোস্তাফা জিকো। তবে জয় পেলেও ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খেতে হয় ব্রাজিলকে।

আরও পড়ুন: বিশ্বকাপে প্রথম ম্যাচে জিতবে ব্রাজিল, হাঙরের ভবিষ্যদ্বাণী

ম্যাচের মাত্র ১৫ মিনিটে চোট পান রাইট-ব্যাক ওয়েসলি। রোমার এই ফুটবলার বর্তমানে ব্রাজিল দলের প্রথম পছন্দের রাইট-ব্যাক এবং বিশ্বকাপের প্রথম একাদশেও তাঁর জায়গা প্রায় নিশ্চিত ছিল। কিন্তু হঠাৎ পাওয়া এই চোট তাঁর বিশ্বকাপ মিশনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

চোট পাওয়ার পর আবেগ ধরে রাখতে পারেননি ওয়েসলি। চোখের জল মুছতে মুছতে মাঠ ছাড়েন তিনি। পরে সাইডলাইনের পাশে গিয়ে মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসে থাকতে দেখা যায় তাঁকে। ম্যাচ শেষ হওয়ার পরও খোঁড়াতে খোঁড়াতে মাঠ ত্যাগ করেন এই ডিফেন্ডার, যা তাঁর চোটের গুরুত্ব নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে।

আরও পড়ুন: বিশ্বকাপের ম্যাচ দেখবেন দেশের যে তিন চ্যানেলে

ম্যাচ শেষে ওয়েসলির অবস্থা সম্পর্কে কথা বলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। তিনি জানান, ‘ওর কয়েকটা পরীক্ষা হবে। পেশিতে সমস্যা রয়েছে। রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার মনে হয় সুস্থ হয়ে ওঠার জন্য ওর হাতে সময় রয়েছে। বিশ্বকাপে আমাদের সঙ্গেই থাকবে। না হলে অন্য ফুটবলারকে বেছে নিতে হবে। সেই সময় রয়েছে। কিন্তু ওয়েসলির চোটে আমি চিন্তিত। ও গুরুত্বপূর্ণ ফুটবলার। আশা করি দ্রুত সুস্থ হবে।’

আনচেলোত্তির বক্তব্যে আশাবাদের সুর থাকলেও ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো খুব একটা স্বস্তির খবর দিতে পারেনি। দেশটির এক সাংবাদিক জানিয়েছেন, ওয়েসলি যে ধরনের চোট পেয়েছেন, তাতে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁর মাঠে নামার সম্ভাবনা খুবই কম। তবে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশ্বকাপের মতো বড় আসরের ঠিক আগে গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়ের চোট ব্রাজিল শিবিরে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এখন দলের নজর ওয়েসলির মেডিকেল পরীক্ষার ফলাফলের দিকে। সেই রিপোর্টই নির্ধারণ করবে, বিশ্বকাপের শুরুতে ব্রাজিল তাদের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডারকে পাবে কি না।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!