বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে

জিটি রিপোর্ট

প্রকাশ:

মেসি ও নেইমার
মেসি ও নেইমার|ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ায় দুই দলের সম্ভাব্য মুখোমুখি হওয়ার হিসাবও শুরু হয়ে গেছে। বর্তমান নকআউট সূচি অনুযায়ী, সব বাধা পেরোতে পারলে সেমিফাইনালেই হতে পারে ফুটবল বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথগুলোর একটি।

বিশ্বকাপের নকআউট ড্র অনুসারে আর্জেন্টিনা ও ব্রাজিল একই পথে নেই। ফলে ফাইনালের আগে তাদের সম্ভাব্য দেখা হওয়ার একমাত্র মঞ্চ সেমিফাইনাল। তবে সেই মহারণ দেখতে হলে দুই দলকেই শেষ ৩২, শেষ ১৬ ও কোয়ার্টার ফাইনালের তিনটি নকআউট ম্যাচ জিততে হবে।

আরও পড়ুনঃ জাপান নাকি নেদারল্যান্ডস, নকআউট পর্বে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ কে?

গ্রুপ ‘জে’-তে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পায় লিওনেল স্কালোনির দল। টানা দুই জয়ে আগেভাগেই গ্রুপ চ্যাম্পিয়নের মর্যাদা নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

গ্রুপসেরা হওয়ায় শেষ ৩২ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দল। তবে সেই গ্রুপের চূড়ান্ত অবস্থান এখনও নির্ধারিত না হওয়ায় আর্জেন্টিনার প্রতিপক্ষও এখনো নিশ্চিত হয়নি।

অন্যদিকে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলও গ্রুপ ‘সি’ থেকে শীর্ষস্থান নিয়ে নকআউট পর্বে উঠেছে। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও পরের দুই ম্যাচে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় সেলেসাওরা। হাইতি ও স্কটল্যান্ডকে একই ব্যবধানে ৩-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করে তারা।

সমান ৭ পয়েন্ট অর্জন করেছিল মরক্কোও। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। সেলেসাওদের গোল ব্যবধান ছিল +৬, যেখানে মরক্কোর ছিল +৩।

শেষ ৩২ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ দল। সেই অবস্থানের জন্য এখনও লড়াই করছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। অন্যদিকে তিউনিসিয়া ইতোমধ্যেই বিদায় নিশ্চিত করেছে।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা আর্জেন্টিনা ও ব্রাজিলের। দুই দল এখন পর্যন্ত ১০৬টি অফিসিয়াল ম্যাচে মুখোমুখি হয়েছে।

পরিসংখ্যান বলছে, এই লড়াইয়ে সামান্য এগিয়ে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা জয় পেয়েছে ৪১ ম্যাচে এবং করেছে ১৬০ গোল। ব্রাজিলের জয় ৩৯ ম্যাচে, তাদের গোল সংখ্যা ১৫৫। বাকি ২৬টি ম্যাচ ড্র হয়েছে।

আরও পড়ুনঃ নকআউট পর্বে কে কার মুখোমুখি হতে পারে, দেখুন সমীকরণ

সাম্প্রতিক সময়েও ব্রাজিলের বিপক্ষে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। দুই দলের সর্বশেষ পাঁচ সাক্ষাতে চারটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা, একটি ম্যাচ ড্র হয়েছে।

সবশেষ ২৫ মার্চ ২০২৫ বিশ্বকাপ বাছাইপর্বে বুয়েনস আয়ার্সে ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। এর আগে ২২ নভেম্বর ২০২৩ রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে ১-০ গোলের জয় পায় তারা।

১৬ নভেম্বর ২০২১ সান হুয়ানে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। একই বছরের ১০ জুলাই কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। আর ১৫ নভেম্বর ২০১৯ রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ১-০ ব্যবধানে জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা।

দুই দলের বর্তমান ফর্ম, সাম্প্রতিক পরিসংখ্যান এবং ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা বিবেচনায় সম্ভাব্য আর্জেন্টিনা-ব্রাজিল সেমিফাইনাল ইতোমধ্যেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে চলে এসেছে। এখন দেখার বিষয়, নকআউটের প্রতিটি বাধা পেরিয়ে দুই দল আদৌ সেই বহুল প্রতীক্ষিত মহারণের মঞ্চে পৌঁছাতে পারে কি না।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!