বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে

জিটি রিপোর্ট

প্রকাশ:

 বিশ্বকাপ ট্রফি
বিশ্বকাপ ট্রফি |ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে গড়েছে নতুন ইতিহাস। এই প্রথমবারের মতো ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের জয় নিশ্চিত হওয়ার পরই বিশ্ব ফুটবলে যুক্ত হয়েছে এই অনন্য রেকর্ড।

বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এর আগে কখনো ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে শেষ চারে উঠতে পারেনি। ২০২৬ আসরেই প্রথমবারের মতো সেই বিরল কীর্তির সাক্ষী হলো ফুটবল বিশ্ব।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে জয় নিশ্চিত করে লিওনেল মেসির দল।

আরও পড়ুনঃ সুইজারল্যান্ডের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন আনার ইঙ্গিত দিলেন স্কালোনি

অন্যদিকে মায়ামিতে অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনালে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। দলের হয়ে জোড়া গোল করেন জুড বেলিংহাম। এই জয়ে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার কৃতিত্ব দেখায়।

এর আগে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের সবাইকে সেমিফাইনালে দেখার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে নকআউট পর্বেই শীর্ষস্থানীয় দলগুলোর মধ্যে মুখোমুখি লড়াই হওয়ায় সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। সেবার শেষ ষোলোতে দ্বিতীয় স্থানে থাকা স্পেন খেলেছিল তৃতীয় স্থানে থাকা পর্তুগালের বিপক্ষে। আর কোয়ার্টার ফাইনালে শীর্ষে থাকা ব্রাজিলের প্রতিপক্ষ ছিল চতুর্থ স্থানে থাকা নেদারল্যান্ডস।

২০২৬ বিশ্বকাপে অবশ্য ভিন্ন চিত্র দেখা গেছে। ফিফার টুর্নামেন্ট-পূর্ব নির্ধারিত 'প্রটেক্টেড ব্র্যাকেট' অনুযায়ী শীর্ষ চার দল নকআউট পর্বে আলাদা পথে এগিয়েছে। ফলে তারা নিজেদের কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে শেষ পর্যন্ত সবাই সেমিফাইনালে জায়গা করে নিতে সক্ষম হয়েছে।

এর মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলকে শেষ চারে দেখা যাবে। ফলে এবারের সেমিফাইনালকে সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লাইনআপ হিসেবে বিবেচনা করছেন ফুটবল বিশ্লেষকরা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!