১ হাজার ২৭১ দিন পর আবারও শুরু হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের প্রথম ম্যাচকে ঘিরে ইতোমধ্যে দুই দলের সম্ভাব্য একাদশ নিয়েও শুরু হয়েছে আলোচনা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশে বিটিভি, টি স্পোর্টস, সময় টিভি এবং বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে ম্যাচটি সরাসরি দেখা যাবে।
৪৮ দলের অংশগ্রহণে এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে সম্প্রসারিত বিশ্বকাপ। আগামী ১৯ জুলাই পর্যন্ত তিনটি দেশে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই দীর্ঘ যাত্রার প্রথম ধাপেই মুখোমুখি হচ্ছে ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দুই প্রতিপক্ষ মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
স্বাগতিক হওয়ার সুবাদে সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে মেক্সিকো। হাভিয়ের আগিরের দল টানা আট ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে এসেছে। সাম্প্রতিক সময়ে পর্তুগাল ও বেলজিয়ামের সঙ্গে ড্র করার পাশাপাশি ঘানা, অস্ট্রেলিয়া ও সার্বিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে তারা। শেষ প্রস্তুতি ম্যাচে তারা ৫-১ গোলের বড় জয়ও পেয়েছে।
আরও পড়ুনঃ মোবাইলে ফুটবল বিশ্বকাপ দেখবেন যেভাবে
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মেক্সিকোর রেকর্ড ঈর্ষণীয়। নিজেদের শেষ সাতটি বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে অপরাজিত রয়েছে তারা। এর মধ্যে পাঁচটিতে জয় এবং দুটি ম্যাচ ড্র করেছে এল ত্রি।
দলের সবচেয়ে বড় আকর্ষণ গোলরক্ষক গুইয়ের্মো ওচোয়া। ৪০ বছর বয়সী এই তারকা মাঠে নামলে বিশ্বকাপে ছয়বার অংশ নেওয়া প্রথম ফুটবলার হওয়ার কীর্তি গড়বেন। অধিনায়ক এডসন আলভারেজ খেলতে পারেন জাতীয় দলের হয়ে নিজের ৯৯তম ম্যাচ। আক্রমণে নজর থাকবে রাউল হিমেনেস ও হুলিয়ান কিনোনেসের দিকে। সৌদি প্রো লিগে ৩১ ম্যাচে ৩৩ গোল করে গোল্ডেন বুট জিতে বিশ্বকাপে এসেছেন কিনোনেস।
অন্যদিকে ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। বাছাইপর্বে নাটকীয়ভাবে জায়গা নিশ্চিত করা দলটি এবার গ্রুপ ‘এ’-তে আন্ডারডগ হিসেবেই বিশ্বকাপ শুরু করছে। বেলজিয়ান কোচ হুগো ব্রুসের অধীনে ফিফা র্যাঙ্কিংয়ের ৬০ নম্বরে থাকা দলটি সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোতে খুব বেশি ছন্দে না থাকলেও বিশ্বকাপের মঞ্চে চমক দেখানোর আশায় রয়েছে।
চোট কাটিয়ে দলে ফিরেছেন লেফটব্যাক অব্রি মোদিবা, যা দক্ষিণ আফ্রিকার জন্য বড় স্বস্তির খবর। আক্রমণভাগে দলের প্রধান ভরসা ওসউইন অ্যাপোলিস ও লাইলে ফস্টার। বাছাইপর্বে দুই গোল ও চার অ্যাসিস্ট করে দলের হয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছেন অ্যাপোলিস।
মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও এগিয়ে মেক্সিকো। দুই দলের মধ্যে এখন পর্যন্ত চারটি ম্যাচ হয়েছে। এর মধ্যে দুটি জিতেছে মেক্সিকো, একটি ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা এবং একটি ম্যাচ ড্র হয়েছে।
মেক্সিকোর সম্ভাব্য একাদশ
গুইয়ের্মো ওচোয়া; হোর্হে সানচেজ, সিজার মন্টেস, এডসন আলভারেজ, হেসুস গায়ার্দো; ব্রায়ান গুতিয়েরেস, আলভারো ফিদালগো, অরবেলিন পিনেদা; রবার্তো আলভারাদো, রাউল হিমেনেস, হুলিয়ান কিনোনেস।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ
রনওয়েন উইলিয়ামস; খুলিসো মুদাউ, এমবেকেজেলি এমবোকাজি, ইমে ওকন, অব্রি মোদিবা; থালেন্তে এমবাথা, ইয়াইয়া সিথোলে, তেবোহো মোকোয়েনা; ওসউইন অ্যাপোলিস, লাইলে ফস্টার, এলিয়াস মোরেমি।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মানেই বিশেষ কিছু। ইতিহাস, আবেগ এবং নতুন স্বপ্নের মিশেলে আজ অ্যাজটেকা স্টেডিয়ামের দিকেই থাকবে ফুটবল বিশ্বের দৃষ্টি। স্বাগতিক মেক্সিকো জয় দিয়ে শুরু করতে পারে কি না, নাকি দক্ষিণ আফ্রিকা উপহার দেবে নতুন কোনো চমক—সেই উত্তর মিলবে মাঠের লড়াইয়ে।

