প্রতিপক্ষকে খোঁচা দিয়ে বিতর্কিত উদযাপন ও ম্যাচ-পরবর্তী শৃঙ্খলাভঙ্গের দায়ে ১ থেকে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছেন সান্তোসের ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সম্প্রতি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা ও ক্লাব ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তার খবরের মধ্যেই এই নতুন বিতর্কে জড়ালেন তিনি। কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর লড়াইয়ে রেমোকে হারিয়ে সান্তোসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচটিতে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ জরুরি বৈঠকে বসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, ম্যাচ-পরবর্তী হাতাহাতির ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে ‘সুপিরিয়র ট্রাইব্যুনাল অফ স্পোর্টস জাস্টিস’। ব্রাজিলিয়ান কোড অফ স্পোর্টস জাস্টিসের (সিসিজেডি) ২৫৮ নম্বর ধারা অনুযায়ী সান্তোস ফরোয়ার্ডের বিরুদ্ধে ‘শৃঙ্খলা বা ক্রীড়া সুলভ আচরণের পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার’ আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। যদিও ম্যাচের রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো অফিশিয়াল রিপোর্টে এর উল্লেখ করেননি, তবুও ভিডিও ফুটেজের ভিত্তিতে বড় শাস্তির মুখে পড়তে পারেন নেইমার।
মাঙ্গেইরাও স্টেডিয়ামে ১-০ গোলে জেতা ওই ম্যাচের পুরোটা সময় রেমো সমর্থকদের কটূক্তির শিকার হন নেইমার। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার পথে তিনি গ্যালারির দিকে উড়ন্ত চুমু ছুঁড়ে দেন। এর পরপরই মিক্সড জোনে প্রতিপক্ষের কর্মকর্তা ও সমর্থকদের সামনে নাচতে নাচতে বারবার ‘তোমরা বাদ পড়েছ’ বলে উল্লাস প্রকাশ করেন।
আরও পড়ুনঃ বিতর্কের মধ্যেই ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন নিয়ে ফিফার তোড়জোড়
নেইমারের এমন উদযাপনে স্টেডিয়াম এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেমোর কয়েকজন কর্মকর্তা ও সমর্থক তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং কয়েকজন ব্যারিকেড ভেঙে নেইমারের দিকে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি সামাল দেন। এমনকি স্টেডিয়াম ছাড়ার সময়ও এই তারকা ফুটবলারের গাড়ি ঘিরে বিক্ষোভ করা হয়।
এদিকে স্বাগতিক ক্লাব রেমোও মারাত্মক শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে। বিশৃঙ্খলা প্রতিরোধে ব্যর্থতা, মাঠে দর্শক অনুপ্রবেশ এবং জিনিসপত্র ছোড়া বন্ধ করতে না পারায় সিসিজেডি-র ২১৩ ও ১৯১ নম্বর ধারা অনুযায়ী রেমোকে আর্থিক জরিমানা ছাড়াও ঘরের মাঠে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার শাস্তি পেতে হতে পারে।
উল্লেখ্য, বিতর্কিত এই ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ৭৪তম মিনিটে সান্তোসের জয়সূচক গোলটিতে অ্যাসিস্ট করেছিলেন নেইমার।

