চোট থেকে মাঠে ফিরেই চমক দিলেন নেইমার

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

জোড়া গোল করলেন নেইমার
জোড়া গোল করলেন নেইমার |ছবি: সংগৃহীত

চোট কাটিয়ে মাঠে ফিরেই জোড়া গোল করে সান্তোসকে হার থেকে বাঁচালেন নেইমার। ব্রাজিলিয়ান সিরি আ-তে শুক্রবার সকালে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ২–২ গোলে ড্র করেছে সান্তোস। ম্যাচের ৮২ ও ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল দুটি করেন ব্রাজিলিয়ান এই তারকা। তাঁর জোড়া গোলে থেমেছে ফ্ল্যামেঙ্গোর টানা পাঁচ ম্যাচের জয়ের ধারা। একই সঙ্গে থেমেছে সান্তোসের টানা সাত জয়ের ধারাও।

গত ২ সেপ্টেম্বর ডান পায়ের ঊরুর চোটে পড়েছিলেন নেইমার। এরপর এই ম্যাচ দিয়েই প্রথম মাঠে ফেরেন তিনি। ম্যাচ ফিটনেস নিয়ে সংশয় থাকায় সান্তোসের প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। দ্বিতীয়ার্ধের শুরুতে ফিলিপে কুতিনিওর বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। তখন ফ্ল্যামেঙ্গো ২–০ গোলে এগিয়ে ছিল।

আরও পড়ুনঃ শেষ মুহূর্তের গোলে জয় পেল বাংলাদেশ

ম্যাচের ৪৩ মিনিটে দানিলোর গোলে এগিয়ে যায় ফ্ল্যামেঙ্গো। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন লুকাস পাকেতা। দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও শুরুতে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি সান্তোস।

তবে ম্যাচের শেষ দিকে পরিস্থিতি বদলে যায়। ফ্ল্যামেঙ্গোর ডিফেন্সিভ মিডফিল্ডার জর্জিনিও নিজেদের বক্সে হ্যান্ডবল করলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টি দেন রেফারি। এ ঘটনায় লাল কার্ডও দেখেন জর্জিনিও। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান নেইমার।

নেইমারের পেনাল্টির আগে ভিএআর পর্যালোচনায় সময় লাগে ৯ মিনিট ৫৬ সেকেন্ড। ২০১৯ সালে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ভিএআর চালুর পর এটি খেলা বন্ধ থাকার সবচেয়ে দীর্ঘ সময়ের রেকর্ড।

একজন খেলোয়াড় বেশি নিয়ে খেলার সুযোগ কাজে লাগিয়ে আক্রমণের চাপ বাড়ায় সান্তোস। প্রথম গোলের চার মিনিট পরই আবার পেনাল্টি পায় তারা। সান্তোসের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসাকে বক্সে ফাউল করেন ফ্ল্যামেঙ্গোর উইঙ্গার লুইস আরাউহো। দ্বিতীয় পেনাল্টি থেকেও গোল করেন নেইমার। তাতে ২–২ সমতায় ফেরে সান্তোস।

চোট থেকে ফেরায় পুরো ম্যাচজুড়েই ডান পায়ের ব্যবহার নিয়ে সতর্ক ছিলেন নেইমার। ডান পায়ে কর্নার ও ফ্রি-কিক নেননি। বাঁ পায়ে ফ্রি-কিক নিলেও পেনাল্টির শট নেন ডান পায়ে। ম্যাচে লুকাস পাকেতার সঙ্গে বাদানুবাদেও জড়ান তিনি। মাঠে নামার ১০ মিনিট পর রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ডও দেখেন।

আরও পড়ুনঃ মেসির বিদায়ী ম্যাচ নিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ম্যাচ শেষে ডান পায়ের চোট নিয়ে সতর্ক থাকার কারণ ব্যাখ্যা করে নেইমার বলেন, ‘চোট থেকে ফেরায় (ডান পায়ে) দূরপাল্লার পাস দেওয়ার ঝুঁকি নিতে চাইনি।’

ম্যাচের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘দারুণ ফল। দুই দলের জন্যই ম্যাচটা দারুণ ছিল, শুরু থেকে শেষ পর্যন্ত একে অপরকে আক্রমণ করে গেছে। আমার মনে হয় ব্রাজিলে এ দুটো দলই সেরা।’

এই ড্রয়ের পর ব্রাজিলিয়ান সিরি আ-তে ২৯ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্ল্যামেঙ্গো। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে সান্তোস। আগামী বছর কোপা লিবার্তোদোরেসে খেলার যোগ্যতা অর্জনের লড়াইয়ে রয়েছে দলটি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!