দেড় দশকের বেশি সময় ধরে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা গেছে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে। এবার ফুটবলপ্রেমীদের সামনে ভিন্ন এক দৃশ্য দেখা যেতে পারে। একই দলের হয়ে মাঠে নামতে পারেন সময়ের দুই মহাতারকা।
কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে এমন সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে বুয়েনস এইরেসের বোম্বোনেরায় এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে। সেখানে আমন্ত্রিতদের তালিকায় মেসি ও রোনালদো দুজনের নামই রয়েছে। সবকিছু পরিকল্পনামতো হলে প্রথমবারের মতো একই দলের জার্সিতে দেখা যেতে পারে তাঁদের।
খবরটি জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিনটি স্পোর্টস। একই তথ্য দিয়েছেন টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক মার্সেলো পালাসিওস।
আরও পড়ুনঃ‘গোট ডিবেট সেটেলড’—অবসরের পর মেসির ইঙ্গিতপূর্ণ পোস্ট
তেভেজের বিদায়ী ম্যাচে মেসি ও রোনালদোর সম্ভাব্য উপস্থিতি ম্যাচটিকে বিশেষ করে তুলছে। তবে তেভেজের জন্য এই ম্যাচের গুরুত্ব শুধু তাঁদের উপস্থিতিতে সীমাবদ্ধ নয়। বরং এটি তাঁর খেলোয়াড়ি জীবনের একটি অসমাপ্ত অধ্যায়েরও সমাপ্তি ঘটাবে।
তেভেজ সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২০২১ সালে। তখন তিনি বোকা জুনিয়র্সের জার্সিতে মাঠে নেমেছিলেন। তবে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন পরের বছর। ২০২২ সালের জুনে তিনি অবসরের ঘোষণা দেন।
এরপরও আনুষ্ঠানিকভাবে বিদায়ী ম্যাচ খেলা হয়নি তাঁর। এবার সেই সুযোগ তৈরি হয়েছে। ৪২ বছর বয়সী তেভেজ নিজের ক্যারিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে এই ম্যাচ আয়োজন করতে যাচ্ছেন। এ জন্য বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমের অনুমতিও নাকি পাওয়া গেছে।
খেলোয়াড়ি জীবন শেষ করার পর অবশ্য কোচিংয়েও বেশ কিছুটা পথ পাড়ি দিয়েছেন তেভেজ। রোজারিও সেন্ট্রাল, ইন্দেপেন্দিয়েন্তে ও সর্বশেষ তায়ারেসের ডাগআউটে ছিলেন তিনি। এই মুহূর্তে অবশ্য কোনো দলের দায়িত্বে নেই সাবেক এই আর্জেন্টাইন তারকা।
শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার পাঁচ বছরের বেশি সময় পর বিদায়ী ম্যাচ আয়োজন করতে যাচ্ছেন তেভেজ। ম্যাচটিতে তাঁর ক্যারিয়ারের বিভিন্ন সময়ের সতীর্থদের একত্র করার পরিকল্পনা রয়েছে। প্রায় ৬০ জন সাবেক সতীর্থকে আমন্ত্রণ জানানোর কথা ভাবা হচ্ছে। সেই তালিকাতেই রয়েছেন মেসি ও রোনালদো।
মেসির সঙ্গে তেভেজ খেলেছেন আর্জেন্টিনা জাতীয় দলে। অন্যদিকে রোনালদোর সঙ্গে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইংলিশ ক্লাবটিতে একসঙ্গে খেলেছেন তাঁরা।
আরও পড়ুনঃ নভেম্বরে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল
তেভেজ ২০১৫ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আর্জেন্টিনা দলে তাঁর সতীর্থ ছিলেন মেসি। আর ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সতীর্থ ছিলেন তিনি।
তবে মেসি ও রোনালদো শেষ পর্যন্ত তেভেজের বিদায়ী ম্যাচে মাঠে নামতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। মেসি বর্তমানে এমএলএসে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। ডিসেম্বরে ইন্টার মায়ামির মৌসুম শেষ হয়ে যাওয়ার কথা।
অন্যদিকে রোনালদো খেলছেন সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে। ডিসেম্বরে আল নাসরের খেলা থাকার কথা। ফলে দুজনের ব্যস্ত সূচি মিলিয়ে তাঁরা বুয়েনস এইরেসে তেভেজের বিদায়ী ম্যাচে উপস্থিত হতে পারবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।
তবে সবকিছু ঠিক থাকলে ফুটবলপ্রেমীরা পেতে পারেন বিরল এক দৃশ্য। দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী মেসি ও রোনালদোকে দেখা যেতে পারে একই দলের হয়ে মাঠে।

