আসন্ন বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেই অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবে দেখছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
বিশ্বকাপকে সামনে রেখে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, ‘আর্জেন্টিনা এখনও বিশ্বের অন্যতম সেরা দল। তারা বর্তমান চ্যাম্পিয়ন এবং ধারাবাহিকভাবে দারুণ ফুটবল খেলছে। তাই এবারের আসরেও তারা শিরোপার অন্যতম দাবিদার।’
তিনি মনে করেন, আত্মবিশ্বাস, অভিজ্ঞতা এবং দলগত সমন্বয়ের কারণেই অন্য দলগুলোর তুলনায় এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির অধীনে গড়ে ওঠা দলটিকে ভারসাম্যপূর্ণ বলেও উল্লেখ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
মেসিকে নিয়ে ভিনিসিয়ুস বলেন, ‘মেসি এমন একজন খেলোয়াড়, যে এক মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে দিতে পারে। বয়স ৩৮ হলেও তার মধ্যে এখনও প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘মেসির সবচেয়ে বড় শক্তি হলো, মাঠে সে কী করবে তা আগেভাগে বোঝা যায় না। তার সৃজনশীলতা এবং অনিশ্চিত ফুটবলই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।’
আরও পড়ুন: আর্জেন্টিনা দলে কপাল পুড়ল যেসব তারকার
আর্জেন্টিনার শক্তি স্বীকার করলেও নিজের লক্ষ্য থেকে সরে যাননি ভিনিসিয়ুস। ২০০২ সালের পর আবারও ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোই তার প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। নতুন কোচিং স্টাফের অধীনে ব্রাজিল এবার দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। আর সেই দলে অন্যতম বড় ভরসা হিসেবে দেখা হচ্ছে ভিনিসিয়ুসকে।
ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিদ্বন্দ্বিতা বহু পুরোনো। সময়ের সঙ্গে এই লড়াইয়ের উত্তেজনা আরও বেড়েছে। তবে মাঠের প্রতিদ্বন্দ্বিতার বাইরে দুই দেশের খেলোয়াড়দের পারস্পরিক সম্মান প্রদর্শনের ঘটনাও প্রায়ই দেখা যায়। ভিনিসিয়ুসের এই মন্তব্যও সেই উদাহরণেরই আরেকটি দৃষ্টান্ত।
বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল রয়েছে ‘গ্রুপ সি’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

