বৈরী আবহাওয়ার কারণে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে দিয়েছে ফিফা। ভারী বৃষ্টি ও বজ্রপাতের কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব না হওয়ায় নিরাপত্তার স্বার্থে নতুন সূচি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে মেক্সিকো সিটিতে দিনভর টানা বৃষ্টি এবং আজতেকা স্টেডিয়ামের আকাশে বজ্রপাত দেখা দেওয়ায় ম্যাচের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ফিফা।
আরও পড়ুনঃ ব্রাজিলকে বিধ্বস্ত করে যা বললেন হালান্ড
ফিফার নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইল বা প্রায় ১৩ কিলোমিটার এলাকার মধ্যে সর্বশেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অতিবাহিত না হলে ম্যাচ শুরু করা যায় না। সেই নিয়ম অনুসরণ করেই ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।
আবহাওয়ার এই অনিশ্চয়তা দুই দলের প্রস্তুতিতেও প্রভাব ফেলেছে। নির্ধারিত সময়ের পরিবর্তে নতুন সূচি অনুযায়ী মাঠে নামার অপেক্ষায় রয়েছে ইংল্যান্ড ও মেক্সিকো। দুই দলই শেষ মুহূর্ত পর্যন্ত আবহাওয়ার উন্নতির দিকে নজর রাখছে।
শেষ ষোলোর এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হবে। তাই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের কোনো কমতি নেই।

