১০ জনের এসি মিলানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপা লিগে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বোর্নমাউথ। বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠ ভাইটালিটি স্টেডিয়ামে ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। জাস্টিন ক্লাইভার্ট ও মার্কাস টেভারনিয়ারের পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে দুর্দান্ত ফ্রি-কিকে ব্যবধান বাড়ান আমিন আদলি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বোর্নমাউথ। অষ্টম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ক্লাইভার্ট। ডান দিক থেকে আসা ক্রস এসি মিলানের ডিফেন্ডার কনি ডি উইন্টারের উঁচু করা হাতে লাগলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ভিএআর পর্যালোচনার পরও সেই সিদ্ধান্ত বহাল থাকে। স্পটকিক থেকে নিখুঁত শটে বল জালে পাঠান ক্লাইভার্ট।
এরপর রায়ান ক্রিস্টি, ইভানিলসন ও জেমস হিলের কয়েকটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন এসি মিলানের গোলরক্ষক মাইক মাইনান। তবে প্রথমার্ধের ২৮ মিনিটে পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। বোর্নমাউথের টাইলার অ্যাডামসের মুখে হাত দিয়ে ধাক্কা দেওয়ায় লাল কার্ড দেখেন মিলান অধিনায়ক মাইনান। একই ঘটনায় বোর্নমাউথকে দ্বিতীয় পেনাল্টিও দেন রেফারি।
মাইনান মাঠ ছাড়ার পর গোলরক্ষকের দায়িত্ব নেন বদলি হিসেবে নামা লোরেনজো তোরিয়ানি। তবে চার মিনিট পরই তাঁকে বল কুড়িয়ে নিতে হয়। ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বোর্নমাউথের ব্যবধান দ্বিগুণ করেন টেভারনিয়ার।
আরও পড়ুনঃ উইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরলেন তাসকিন
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমায়নি স্বাগতিকেরা। ক্লাইভার্টের একটি বাঁকানো ক্রস প্রায় সরাসরি জালে ঢুকে যাচ্ছিল। পরে রায়ানের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। রায়ান ক্রিস্টি ও আদ্রিয়ান ত্রুফার্টও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন, তবে সেগুলো কাজে লাগাতে পারেননি।
শেষ পর্যন্ত ৮৪ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে বোর্নমাউথের জয় নিশ্চিত করেন মরক্কোর উইঙ্গার আদলি। প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া তাঁর শট রক্ষণপ্রাচীর পেরিয়ে জালে জড়ালে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকেরা।
ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছে বোর্নমাউথ। গত সপ্তাহে প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম জয় পাওয়ার পর এবার ইউরোপা লিগেও বড় সাফল্য পেল দলটি। ১৯৭৩-৭৪ মৌসুমে কাপ উইনার্স কাপে সান্ডারল্যান্ডের পর প্রথম ইংলিশ দল হিসেবে কোনো প্রধান ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের প্রথম তিন ম্যাচেই জয়ের কীর্তি গড়েছে তারা।
তিন ম্যাচে তিন জয় নিয়ে ইউরোপা লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে বোর্নমাউথ। অন্যদিকে, ১০ জনের দলে পরিণত হওয়ার পর ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি এসি মিলান। বোর্নমাউথের দাপুটে পারফরম্যান্সে শেষ পর্যন্ত বড় ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ইতালিয়ান ক্লাবটিকে।

