চলতি মৌসুম শেষে পেশাদার ফুটবলকে বিদায় জানাতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ‘ভোগ’কে দেওয়া সাক্ষাৎকারে অবসরের স্পষ্ট ইঙ্গিত দিয়ে ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা বলেছেন, ‘সম্ভবত ফুটবলার হিসেবে এটাই আমার শেষ বছর।’
সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে রোনালদোর। তবে বেশ কিছুদিন ধরেই তাঁর অবসর নিয়ে গুঞ্জন চলছিল। এত দিন বুটজোড়া তুলে রাখার নির্দিষ্ট সময় না জানালেও রোববার প্রকাশিত সাক্ষাৎকারে সিআর সেভেন বলেন, ‘সম্ভবত ফুটবলে এটাই আমার শেষ বছর হতে চলেছে। আমি ফুটবলে অনন্যসাধারণ ছাপ রেখে বিদায় নিতে চাই।’
অবসরের পর পরিবারকে বেশি সময় দেওয়ার পাশাপাশি ভ্রমণ ও প্যাডেল খেলায় মনোযোগ দিতে চান রোনালদো। ফুটবল-পরবর্তী জীবনের পরিকল্পনাও এরই মধ্যে চূড়ান্ত করেছেন বলে জানিয়েছেন তিনি।
অবসর-পরবর্তী জীবন নিয়ে রোনালদো বলেন, ‘আমার ভবিষ্যতের পুরো রূপরেখা তৈরি করা আছে। নিজেকে ব্যস্ত রাখার মতো এত কাজ আছে যে নির্দিষ্ট করে একটির কথা বলা কঠিন। ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হবে, তাই নিজেকে নানা কাজে যুক্ত রাখতে হবে। আরও বেশি ঘুরতে চাই, নিজের পছন্দের প্যাডেল খেলা দেখতে ও খেলতে চাই। সবচেয়ে বড় কথা, ২৫ বছরের দীর্ঘ আত্মত্যাগের পর আমরা যা অর্জন করেছি, তা উপভোগ করতে চাই।’
আরও পড়ুনঃ মার্তিনেজকে দলে ভেড়াতে নতুন প্রস্তাব জুভেন্টাসের
গত বছরের নভেম্বরে রোনালদো জানিয়েছিলেন, তিনি আরও ‘এক বা দুই বছর’ খেলা চালিয়ে যেতে চান এবং ২০২৬ বিশ্বকাপই হবে তাঁর শেষ বিশ্বকাপ। গত মাসে স্পেনের কাছে হেরে পর্তুগাল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর নিজের অবসর নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
পর্তুগালের কাসকাইসে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পাঁচ দিন আগে সাক্ষাৎকারটি দেন রোনালদো।
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদোর পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল স্পোর্তিং লিসবনে। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে খেলে ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন তিনি।
রিয়াল মাদ্রিদে কাটানো নয় বছর ছিল রোনালদোর ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৪৩৮ ম্যাচে রেকর্ড ৪৫০ গোল করেন তিনি। ২০২৬ বিশ্বকাপে তিনটি গোল করেন রোনালদো। ওই আসরে পর্তুগাল শেষ ষোলো পর্যন্ত খেলেছিল।

