ফিফা ও উত্তর-দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থাগুলোর কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই ক্রীড়া বিপণন নির্বাহী। লাভজনক সম্প্রচার ও বিপণনস্বত্ব পাওয়ার জন্য কোটি কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত বাবা-ছেলে হুগো জিনকিস ও মারিয়ানো জিনকিস গত বৃহস্পতিবার মার্কিন কৌঁসুলিদের সঙ্গে সমঝোতা চুক্তির অংশ হিসেবে এ স্বীকারোক্তি দেন।
আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ‘ফুল প্লে’র সহমালিক হুগো ও মারিয়ানো জিনকিস ২০১৫ সালে ফিফা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনগুলোর বড় দুর্নীতি তদন্তে অভিযুক্ত হন। ওই তদন্তে ফিফার জুরিখ কার্যালয়ে কর্মকর্তাদের ওপর অভিযানসহ ধারাবাহিক গ্রেপ্তার, বিচার এবং বিভিন্ন ব্যক্তির দোষী সাব্যস্ত হওয়া ও অপরাধ স্বীকারের ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ সান্তোসকে ফিফার জরিমানার হাত থেকে বাঁচালেন নেইমার
মার্কিন আদালতের নথি অনুযায়ী, বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের লাভজনক মিডিয়া ও বিপণনস্বত্ব পেতে ফুটবল কর্মকর্তাদের সমর্থন আদায়ের জন্য জিনকিসরা ‘কোটি কোটি ডলারের বাণিজ্যিক ঘুষ দিয়েছেন এবং দিতে সম্মত হয়েছেন’।
নথিতে বলা হয়েছে, বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সম্প্রচারস্বত্ব পেতে ঘুষের আশ্রয় নিয়েছিলেন জিনকিসরা। এভাবে তাঁরা ফিফা, উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল কনফেডারেশন কনক্যাকাফ এবং দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবলকে প্রতারণার একটি পরিকল্পনা করেছিলেন বলে স্বীকার করেছেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা ডিফার্ড প্রসিকিউশন অ্যাগ্রিমেন্টের (মুলতবি অভিশংসন চুক্তি) আওতায় জিনকিসদের বিরুদ্ধে আনা জালিয়াতির অভিযোগ প্রত্যাহার করবে মার্কিন কর্তৃপক্ষ। তবে চুক্তির অংশ হিসেবে বাবা-ছেলে ৫ কোটি ডলার বাজেয়াপ্ত করতে সম্মত হয়েছেন।
আরও পড়ুনঃ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে খেলবে ভারত
২০১৫ সালে শুরু হওয়া মার্কিন তদন্তে ফিফা ও আমেরিকা মহাদেশের ফুটবল সংস্থাগুলোর কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে আসে। তদন্তের পর বেশ কয়েকজন কর্মকর্তা গ্রেপ্তার হন এবং তাঁদের বিরুদ্ধে বিচার শুরু হয়। পরবর্তী সময়ে অনেকে দোষী সাব্যস্ত হন বা নিজেদের অপরাধ স্বীকার করেন।
এই তদন্তের কেন্দ্রবিন্দুতে ছিল ফুটবল ম্যাচের সম্প্রচার ও বিপণনস্বত্ব। এসব স্বত্ব থেকে বিপুল অর্থ আয় হয়। সেই ব্যবসায়িক সুযোগ পেতে জিনকিসরা ফুটবল কর্মকর্তাদের প্রভাবিত করতে ঘুষের অর্থ ব্যবহার করেছিলেন বলে আদালতের নথিতে উঠে এসেছে।

