পর্তুগালকে বিশ্বকাপ শিরোপা জেতাতে ফিফার ভেতরে গোপন আঁতাত চলছে বলে দাবি করেছেন ঘানার বিতর্কিত ধর্মযাজক ও ‘রেইন হাউস চ্যাপেল ইন্টারন্যাশনাল’-এর প্রতিষ্ঠাতা প্রধান এরিক বোয়াহেন উচে। তার দাবি, ক্রিশ্চিয়ানো রোনালদোকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের আগে একটি স্মরণীয় বিদায় উপহার দিতেই এমন পরিকল্পনা করা হচ্ছে। এই বক্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা, বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
গত রোববার (১৪ জুন) নিজের গির্জায় অনুসারীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এ দাবি করেন। পরে সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার জন্ম নেয়। আধ্যাত্মিক জগতের তথ্যের ভিত্তিতে এমন দাবি করছেন বলে জানান আফ্রিকার এই ধর্মযাজক।
আরও পড়ুনঃ বিশ্বকাপে অনন্য নজির, ব্রাজিলের বিপক্ষে মরক্কোর শুরু একাদশের সবার জন্মই ভিনদেশে
এরিক বোয়াহেন বলেন, 'ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্মানে পর্তুগালের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিতে ফিফার ভেতরে একটি গোপন আলোচনা ও ম্যাচ পাতানোর ছক চলছে। আমি আগে কখনো জানতাম না যে ফুটবলেও এমন নোংরা রাজনীতি চলে।'
শুধু তাই নয়, তিনি আরও দাবি করেন যে আধ্যাত্মিকভাবে তার আত্মা নাকি নিয়মিত এসব গোপন বৈঠকে উপস্থিত থাকে এবং সেখানে হওয়া আলোচনা তিনি জানতে পারেন।
চক্রান্তের বিষয়টি এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি বলেও মন্তব্য করেন এই ধর্মযাজক। তিনি বলেন, 'আমি পুরো বিষয়টির ওপর নজর রাখছি। যখনই তারা বৈঠকে বসে, আমার আত্মা সেখানে উপস্থিত থেকে সব কথা শোনে। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে তারা ফুটবল রাজনীতি ব্যবহার করতে চাইছে, ঠিক যেমনটা থমাস পার্টেওর ক্ষেত্রে করা হয়েছিল।'
বিশ্বকাপ নিয়ে তার ভবিষ্যদ্বাণী কেবল পর্তুগালকে ঘিরেই সীমাবদ্ধ নয়। ঘানার জাতীয় ফুটবল দল ‘ব্ল্যাক স্টারস’ সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তার দাবি, আধ্যাত্মিকভাবে দলটি বর্তমানে দুর্বল অবস্থানে রয়েছে এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশবাসীর প্রার্থনার প্রয়োজন।
তবে ঘানার সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন এরিক বোয়াহেন। তার বিশ্বাস, যথাযথ আধ্যাত্মিক সমর্থন এবং প্রার্থনার মাধ্যমে ঘানা আসন্ন বিশ্বকাপে ভালো ফল করতে সক্ষম হবে।
এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ এটিকে নিছক বিনোদন হিসেবে দেখছেন, আবার কেউ তার বক্তব্যকে গুরুত্ব দিয়ে সমর্থনও জানিয়েছেন। অন্যদিকে অনেক ফুটবলপ্রেমী এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।
আরও পড়ুনঃ ফুটবল বিশ্বকাপে অস্ট্রেলিয়া কেন এশিয়া মহাদেশের হয়ে খেলে
না আন্যেমা নামের এক ব্যবহারকারী যাজকের বক্তব্যের ইতিবাচক দিক তুলে ধরে লিখেছেন, 'তিনি তো আমাদের দলের জন্য প্রার্থনা করতে বলেছেন, তাই আমরা অন্য কোনো নেতিবাচক কথা শুনতে চাই না। ঈশ্বর যা প্রকাশ করেন, তা উদ্ধারের জন্যই করেন।'
অন্যদিকে কাজমুতা নামের এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'আমি ঘানার যাজকদের বিশ্বাস করি না, কিন্তু এই লোকটি সত্যি কথাই বলছেন।'
তবে সবাই যে তার দাবির সঙ্গে একমত, তা নয়। অনেকেই পুরো বিষয়টিকে ভিত্তিহীন ও হাস্যকর বলে মনে করছেন। আমোয়াহ ক্রিশ্চিয়ান নামের এক ব্যবহারকারী লিখেছেন, 'তিনি মূলত "দ্য সিম্পসন্স"-এর সেই ভবিষ্যদ্বাণীমূলক পর্বটি দেখেছেন, যেখানে বলা হয়েছিল যে পর্তুগাল এবং মেক্সিকো ফাইনালে যাবে। (সেটি দেখেই তিনি এখন বানিয়ে বলছেন)।'
এরিক বোয়াহেন উচের এই মন্তব্যের সত্যতা নিয়ে কোনো প্রমাণ সামনে আসেনি। তবুও তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিশ্বকাপ, ফিফা এবং রোনালদোকে ঘিরে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

