গোলসংখ্যা সমান হলে গোল্ডেন বুট জিতবেন কে—মেসি নাকি এমবাপ্পে, যেভাবে নির্ধারিত হবে বিজয়ী

জিটি রিপোর্ট

প্রকাশ:

মেসি ও এমবাপ্পে
মেসি ও এমবাপ্পে|ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষের পথে। শিরোপা জয়ের লড়াইয়ের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে গোল্ডেন বুটের দৌড়। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার এই পুরস্কারের লড়াইয়ে বর্তমানে যৌথভাবে শীর্ষে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। দুজনেরই গোলসংখ্যা আট। তবে শেষ পর্যন্ত যদি তাদের গোল সমান থাকে, তাহলে কে জিতবেন গোল্ডেন বুট—সেটিরও স্পষ্ট নিয়ম রয়েছে ফিফার।

আরও পড়ুনঃ স্পেনের কাছে হেরে ফ্রান্সের কোচের দায়িত্ব ছাড়ছেন দিদিয়ের দেশম

প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। সেই ম্যাচে গোল করতে পারেননি এমবাপ্পে। ফলে মেসিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ হারান তিনি। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামার সুযোগ রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। ওই ম্যাচে গোল করতে পারলে ফাইনালের আগেই এককভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে যেতে পারবেন তিনি।

তবে দুই তারকা যদি শেষ পর্যন্ত সমান সংখ্যক গোল নিয়ে বিশ্বকাপ শেষ করেন, তাহলে গোল্ডেন বুট নির্ধারণে ফিফা কয়েকটি নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করবে।

ফিফার নিয়ম অনুযায়ী, দুই বা ততোধিক খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে প্রথমে বিবেচনা করা হবে অ্যাসিস্ট। যে খেলোয়াড় বেশি অ্যাসিস্ট করবেন, গোল্ডেন বুট তার হাতেই উঠবে।

বর্তমানে এই সূচকে এগিয়ে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার অ্যাসিস্ট রয়েছে তিনটি, অন্যদিকে লিওনেল মেসির অ্যাসিস্ট দুটি। ফলে গোল সমান থাকলে প্রথম টাইব্রেকারেই এগিয়ে থাকবেন এমবাপ্পে।

যদি গোল ও অ্যাসিস্ট—দুই ক্ষেত্রেই সমতা থাকে, তাহলে বিবেচনায় আসবে মাঠে খেলার মোট সময়। যে ফুটবলার কম মিনিট খেলেও সমান সংখ্যক গোল করেছেন, তাকে বেশি কার্যকর ধরা হবে এবং তিনিই গোল্ডেন বুট জিতবেন।

এরপরও যদি সমতা বজায় থাকে, তাহলে দেখা হবে ওপেন প্লে থেকে করা গোলের সংখ্যা। অর্থাৎ পেনাল্টি থেকে করা গোল এই হিসাবের বাইরে রাখা হবে।

এই সূচকে এগিয়ে আছেন লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে তিনি দুটি পেনাল্টি নিয়েছিলেন। তবে অস্ট্রিয়া ও মিসরের বিপক্ষে দুটি পেনাল্টিই প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকিয়ে দেন। ফলে তার আটটি গোলই এসেছে ওপেন প্লে থেকে।

অন্যদিকে কিলিয়ান এমবাপ্পেও দুটি পেনাল্টি নিয়েছেন। এর মধ্যে প্যারাগুয়ের বিপক্ষে একটি পেনাল্টি থেকে গোল করেন তিনি। ফলে ওপেন প্লে থেকে করা গোলের সংখ্যায় মেসি এগিয়ে থাকবেন।

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি ও এমবাপ্পের পর সবচেয়ে কাছাকাছি অবস্থানে ছিলেন নরওয়ের আর্লিং হালান্ড। তবে সাত গোল করেও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেওয়ায় তার আর এগিয়ে যাওয়ার সুযোগ নেই।

আরও পড়ুনঃ ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে বড় চমক

এখনও লড়াইয়ে রয়েছেন ইংল্যান্ডের দুই তারকা হ্যারি কেইন ও জুড বেলিংহাম। তাদের দুজনেরই গোলসংখ্যা ছয়। অন্যদিকে ফ্রান্সের উসমান দেম্বেলে এবং স্পেনের মিকেল ওইয়ারসাবালের গোল পাঁচটি করে। স্পেন ফাইনালে ওঠায় ওইয়ারসাবালের সামনে গোলসংখ্যা বাড়ানোর আরও একটি সুযোগ রয়েছে।

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এখন শীর্ষে রয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে, দুজনেরই গোল আটটি। তাদের পরেই আছেন আর্লিং হালান্ড (৭), জুড বেলিংহাম (৬), হ্যারি কেইন (৬), উসমান দেম্বেলে (৫) এবং মিকেল ওইয়ারসাবাল (৫)। ফলে বিশ্বকাপের শেষ দুই ম্যাচে গোল্ডেন বুটের লড়াইয়ে শেষ পর্যন্ত কে হাসবেন, তা নিয়েও ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!