হার দিয়ে মৌসুম শেষ করল বার্সেলোনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ:

মৌসুমের শেষ ম্যাচেও হারল বার্সেলোনা
মৌসুমের শেষ ম্যাচেও হারল বার্সেলোনা |ছবি: সংগৃহীত

লা লিগার শেষ ম্যাচে ভালেন্সিয়ার কাছে ৩-১ গোলে হেরে মৌসুম শেষ করেছে বার্সেলোনা। শিরোপা আগেই নিশ্চিত করা কাতালানরা দ্বিতীয়ার্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত তিন গোল হজম করে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে।

শনিবার ভালেন্সিয়ার মাঠে অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনার হয়ে একমাত্র গোল করেন রবের্ত লেভানদোভস্কি। এটি ছিল বার্সেলোনা জার্সিতে তার বিদায়ী ম্যাচ। তবে গোল পেলেও জয় দিয়ে বিদায় নেওয়া হয়নি পোলিশ এই ফরোয়ার্ডের।

প্রথমার্ধে খুব একটা ছন্দে ছিল না হান্সি ফ্লিকের দল। গোলের জন্য নেওয়া ছয় শটের মাত্র একটি লক্ষ্যে রাখতে পারে তারা। ২৫তম মিনিটে ফেররান তরেসের শট ঠেকিয়ে দেন ভালেন্সিয়ার গোলরক্ষক। বিরতির আগে লেভানদোভস্কির একটি হেড পোস্টে লাগে। অন্যদিকে স্বাগতিকরাও কয়েকবার বার্সেলোনার রক্ষণে চাপ তৈরি করে।

আরও পড়ুন: ফোর্বসের শীর্ষ পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদ রোনালদো, মেসির আয় কত?

দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে অবশেষে এগিয়ে যায় বার্সেলোনা। ফেররান তরেসের ভলিতে কাছ থেকে পা ছুঁইয়ে বল জালে পাঠান লেভানদোভস্কি।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। ৬৬তম মিনিটে বার্সেলোনার ভুল পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ শটে সমতা ফেরান হাভি গেরেরা।

এর চার মিনিট পরই এগিয়ে যায় ভালেন্সিয়া। গেরেরার শট ব্লক হওয়ার পর ফিরতি বলে দুর্দান্ত শটে গোল করেন লুইস রিওহা।

যোগ করা সময়ের সপ্তম মিনিটে বার্সেলোনার কফিনে শেষ পেরেক ঠুকে দেন গিদো রদ্রিগেস। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার জোরালো শটে বড় জয় নিশ্চিত করে ভালেন্সিয়া।

মৌসুম শেষে ৩৮ ম্যাচে ৩১ জয় ও এক ড্রয়ে ৯৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগ শেষ করেছে টানা দুইবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রেয়াল মাদ্রিদের পয়েন্ট ৮৬।

অন্যদিকে ৪৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে থেকে মৌসুম শেষ করেছে ভালেন্সিয়া।

এদিকে লা লিগা থেকে আগেই অবনমন নিশ্চিত হয়েছিল রেয়াল ওবিয়েদোর। শেষ দিনে তাদের সঙ্গে দ্বিতীয় বিভাগে নেমে গেছে জিরোনা ও মায়োর্কাও।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!