মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আজ দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান। সেখানে তাঁকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
ইনফান্তিনোর এই আগমন অবশ্য কোনো আনুষ্ঠানিক সফর নয়। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার সরাসরি ফ্লাইট না থাকায় ঢাকায় যাত্রাবিরতি করেছেন তিনি। বিমানবন্দরে বাফুফে সভাপতির সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় বাফুফের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ শেষ মুহূর্তে বাংলাদেশ সফরে দলে পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজ
ফিফা সভাপতির সংক্ষিপ্ত এই অবস্থানকে ঘিরে দেশের ফুটবল অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। তবে আপাতত তাঁর সফরসূচিতে বাংলাদেশের ফুটবল নিয়ে কোনো আনুষ্ঠানিক বৈঠক বা কর্মসূচির খবর পাওয়া যায়নি।
এর আগে চলতি মাসের শুরুতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ফিফা আসিয়ান কাপের ফাঁকে ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেন তাবিথ আউয়াল। সেখানে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন, পুরুষ ও নারী ফুটবল, বয়সভিত্তিক প্রতিযোগিতা এবং ফিফার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ফিফার সহায়তা ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
ফিফার বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আওতায় বাংলাদেশ ফুটবলের অবকাঠামো উন্নয়ন, কোচ ও রেফারি তৈরি এবং অন্যান্য ক্ষেত্রে সহায়তা পেয়ে থাকে। ইনফান্তিনোর এবারের যাত্রাবিরতিতে আনুষ্ঠানিক কোনো আলোচনা না হলেও ফিফার সঙ্গে বাফুফের সম্পর্কের প্রেক্ষাপটে তাঁর ঢাকায় আগমনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে আগামী বছর মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে তৃতীয়বারের মতো প্রার্থী হয়েছেন ইনফান্তিনো। এ পরিস্থিতিতে ঢাকায় তাঁর সংক্ষিপ্ত অবস্থানকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেও দেখছেন কেউ কেউ। তবে এই যাত্রাবিরতি নির্বাচনী প্রচারণার অংশ কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

