ইন্টার মায়ামির নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রিস্টিয়ান ‘কিলি’ গনজালেজ। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি।
তবে এখনই দায়িত্ব ছাড়ছেন না অন্তর্বর্তীকালীন কোচ গুইলার্মো হোয়োস। গনজালেজ যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি পাওয়ার আগ পর্যন্ত মায়ামির ডাগআউটে থাকবেন হোয়োস। এরপরই নতুন কোচ হিসেবে দায়িত্ব নেবেন গনজালেজ।
মেসির মতো গনজালেজের জন্মও আর্জেন্টিনার রোজারিও শহরে। ৫২ বছর বয়সী গনজালেজ খেলোয়াড়ি জীবনে ছিলেন একজন উইঙ্গার। ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবেও খেলেছেন তিনি।
আরও পড়ুনঃ শাস্তি পাওয়া ৩ আর্জেন্টাইন ফুটবলার বড় সুখবর পেলেন
ইন্টার মিলান, ভ্যালেন্সিয়া ও জারাগোজার মতো ক্লাবের জার্সি পরেছেন গনজালেজ। আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও খেলেছেন দীর্ঘ সময়।
১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৫৬টি ম্যাচ খেলেছেন তিনি। এরপর ২০২০ সালে কোচিংয়ে পা রাখেন গনজালেজ। এখন পর্যন্ত আর্জেন্টিনার তিনটি ক্লাবে কোচ হিসেবে কাজ করেছেন তিনি।
নতুন কোচের সামনে অবশ্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অন্তর্বর্তীকালীন কোচ হোয়োসের অধীনে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে মায়ামি।
ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছে মায়ামি। তবে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।
২০২৬ বিশ্বকাপের পর এখনো নিজেদের সেরা ছন্দে ফিরতে পারেনি মায়ামি। দলের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে। তাই নতুন কোচ গনজালেজের সামনে প্রথম কাজ হবে দলকে আবার ছন্দে ফেরানো।
খারাপ পারফরম্যান্সের মধ্যে শাস্তিও পেয়েছেন হোয়োস। গত বৃহস্পতিবার তাঁকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানাও করা হয়েছে তাঁকে।
লিগের নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করার নিয়ম একাধিকবার ভাঙার কারণে এই শাস্তি পেয়েছেন হোয়োস। বিরতির পরও নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে মাঠে ফেরার কারণে মায়ামি কয়েকবার এই নিয়ম লঙ্ঘন করেছে।
আরও পড়ুনঃ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে খেলবে ভারত
ইন্টার মায়ামিতে হোয়োসের ভূমিকা অবশ্য শুধু অন্তর্বর্তীকালীন কোচের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর আগে তিনি ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মেসির সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো। দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
হাভিয়ের মাচেরানো ব্যক্তিগত কারণে গত এপ্রিলে ইন্টার মায়ামি ছাড়ার পর অস্থায়ীভাবে প্রধান কোচের দায়িত্ব পান হোয়োস। এবার গনজালেজ দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে মায়ামির কোচিংয়ে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

