মেসিকে সুখবর দিলেন কোচ

জিটি রিপোর্ট

প্রকাশ:

লিওনেল মেসি
লিওনেল মেসি|ছবি: সংগৃহীত

ইন্টার মিয়ামির হয়ে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়ায় লিওনেল মেসিকে নিয়ে যে শঙ্কার মেঘ জমেছিল, তা কেটে গেছে। প্রথম পরীক্ষায় জানা গেছে, কোনো ইনজুরিতে পড়েননি এই আর্জেন্টাইন মহাতারকা। ফলে আসন্ন ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে তার মাঠে নামা নিয়ে কোনো সংশয় নেই। এমনকি চোট গুরুতর না হওয়ায় বিশ্বকাপের আগের দুটি প্রীতি ম্যাচেও তার খেলতে বাধা নেই বলে নিশ্চিত করেছে দলটির কোচ ও টিম ম্যানেজমেন্ট।

সোমবার ভোরে ইন্টার মিয়ামির হয়ে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচের ৭৩ মিনিটে বাম ঊরুর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন মেসি। ম্যাচ শেষে কোচ জানান, মেসির চোট তেমন বড় কিছু নয়। পরবর্তীতে ল্যাব টেস্টের পর মায়ামির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, 'ডাক্তারি পরীক্ষার পর প্রাথমিকভাবে জানা গেছে, তার বাম হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপের কারণে পেশিতে অবসন্নতা দেখা দিয়েছে। তিনি কবে শারীরিক কার্যকলাপে ফিরবেন তা তার শারীরিক ও কার্যক্ষমতার উন্নতির ওপর নির্ভর করবে।'

আরও পড়ুন: বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কে পড়বেন—নেইমার নাকি ভিনিসিয়ুস

আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তেসহ অন্যান্য সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে, মেসির এই ক্লান্তিজনিত সমস্যা বড় কোনো চোট নয়। আগামী ৩০ জুন আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপ শুরু হতে এখনো ১৭ দিন এবং আর্জেন্টিনার প্রথম ম্যাচের ২২ দিন বাকি থাকায় মেসির পুনর্বাসন প্রক্রিয়া সাজানোর জন্য পর্যাপ্ত সময় পাবে দলের টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে আগামী ৭ জুন হন্ডুরাস ও ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ১৭ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ যাত্রা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!