২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচন নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)। ফিফা যেখানে স্পেনের মিডফিল্ডার রদ্রিকে গোল্ডেন বল বিজয়ী ঘোষণা করেছে, সেখানে আইএফএফএইচএস তাদের নিজস্ব মূল্যায়নে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচন করেছে।
নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের পর প্রকাশিত এই র্যাঙ্কিং ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। কারণ, ঐতিহাসিক তথ্য ও পরিসংখ্যান সংরক্ষণের ক্ষেত্রে আইএফএফএইচএস দীর্ঘদিন ধরেই ফিফার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। তবে সংস্থাটি জানিয়েছে, তাদের মূল্যায়ন ফিফার সিদ্ধান্তের ওপর নির্ভর করে না; বরং প্রতিযোগিতাজুড়ে খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণের জন্য তারা নিজস্ব পদ্ধতি অনুসরণ করে।
মেসিকে সেরা খেলোয়াড় নির্বাচনের ব্যাখ্যা দিতে আইএফএফএইচএস তাদের ওয়েবসাইটে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে, 'এই সম্মাননাটি আইএফএফএইচএস ওভারঅল পারফরম্যান্স ইনডেক্স দ্বারা নির্ধারিত হয় — এটি একটি কঠোর, তথ্য-নির্ভর পদ্ধতি যা একজন খেলোয়াড়ের বিশ্বকাপ অভিযান জুড়ে ম্যাচ, গোল, অ্যাসিস্ট এবং নকআউট পর্বের প্রভাবের ওয়েটেড রেটিং অন্তর্ভুক্ত করে। ২০২৬ বিশ্বকাপে রেকর্ড করা প্রতিটি পারফরম্যান্সের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পর, এই রায় দ্ব্যর্থহীন।'
আরও পড়ুনঃ ভক্তদের সামনে নতুন রূপে হাজির ভিনিসিয়ুস জুনিয়র
২০২৬ বিশ্বকাপে মেসি আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করেন। এই পারফরম্যান্সের ভিত্তিতেই আইএফএফএইচএস তাকে রদ্রির ওপরে স্থান দিয়েছে। সংস্থাটি মনে করে, টুর্নামেন্টজুড়ে তার অবদান ছিল সবচেয়ে প্রভাবশালী।
ফিফার আনুষ্ঠানিক গোল্ডেন বল পুরস্কার থেকে নিজেদের মূল্যায়ন যে আলাদা, সেটিও স্পষ্ট করেছে আইএফএফএইচএস। সংস্থাটি বলেছে, 'এই স্বীকৃতির পেছনের পরিসংখ্যান যেকোনো মাপকাঠিতেই অসাধারণ।'
তবে আইএফএফএইচএসের প্রকাশিত বিশ্লেষণে একটি অসঙ্গতিও নজরে এসেছে। তারা মেসির সাতটি ম্যাচের পারফরম্যান্সের কথা উল্লেখ করেছে। অথচ জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শুরুর একাদশে না থাকলেও পুরো বিশ্বকাপে মেসি মোট আটটি ম্যাচ খেলেছেন।
নিজেদের সিদ্ধান্তের পক্ষে শেষবারের মতো অবস্থান পরিষ্কার করে সংস্থাটি বলেছে, 'আইএফএফএইচএস ১৯৯১ সাল থেকে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বকে সম্মানিত করে আসছে, এবং এই স্বীকৃতিটি সেই দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতিরই একটি প্রমাণ: ফুটবলের সেরা সৃষ্টিগুলোকে লিপিবদ্ধ করা, পরিমাপ করা এবং উদযাপন করা।'
ফিফার গোল্ডেন বল পুরস্কার রদ্রির হাতে গেলেও আইএফএফএইচএসের এই ভিন্ন মূল্যায়ন বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচন নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। বিশেষ করে মেসির পরিসংখ্যান ও টুর্নামেন্টজুড়ে তার প্রভাব বিবেচনায় আইএফএফএইচএসের এই সিদ্ধান্ত ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

