বিশ্ব ফুটবলের আগামী দিনের ১০ উদীয়মান তারকাকে বেছে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তাঁর নির্বাচিত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার টমাস আরান্দা। পুরুষ ফুটবলারদের পাশাপাশি তালিকায় রয়েছেন নারী ফুটবলের তিন প্রতিভাবান খেলোয়াড়ও।
জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের নতুন একটি বিজ্ঞাপনী প্রচারণায় মেসি এই ১০ তরুণ ফুটবলারের নাম তুলে ধরেন। প্রচারণাটিতে বলা হয়েছে, ‘খেলার ভবিষ্যৎ নতুন করে লিখতে এসেছে ১০টি অধ্যায়। গল্পটি কেবল শুরু হলো মাত্র।’
আরও পড়ুনঃ আবুধাবি টেস্টে চালকের আসনে বাংলাদেশ
মেসির বাছাই করা তালিকায় থাকা টমাস আরান্দা বর্তমানে ডান পায়ের ফিবুলা হাড়ের ফ্র্যাকচার থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। বোকা জুনিয়র্সের এই তরুণ প্রতিভাকে আর্জেন্টিনা জাতীয় দলের অনুশীলনে কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল মেসির। বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচের সফরের জন্য আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তাঁকে দলে রেখেছিলেন।
মেসির তালিকায় পুরুষ ফুটবলারদের পাশাপাশি নারী ফুটবলের তিন উদীয়মান প্রতিভাও জায়গা পেয়েছেন। তাঁরা হলেন ইংল্যান্ডের ক্লো সারউই, ব্রাজিলের জিওভানা ওয়াকসম্যান ও জার্মানির লোটা ভ্রেডে।
মেসির বেছে নেওয়া ১০ তরুণ ফুটবলার হলেন—টমাস আরান্দা (আর্জেন্টিনা, বোকা জুনিয়র্স), জান উজুন (তুরস্ক, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট), গিলবার্তো মোরা (মেক্সিকো, টিজুয়ানা), ম্যাক্স ডাওম্যান (ইংল্যান্ড, আর্সেনাল), জেভিয়ার গোজো (যুক্তরাষ্ট্র, ক্রিস্টাল প্যালেস), জেসুস রদ্রিগেজ (স্পেন, কোমো ১৯০৭), কিস স্মিট (নেদারল্যান্ডস, এজেড আলকমার), ক্লো সারউই (ইংল্যান্ড, চেলসি), জিওভানা ওয়াকসম্যান (ব্রাজিল, ওএল লিওনেস) ও লোটা ভ্রেডে (জার্মানি, হামবুর্গার এসভি)।

