দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। আর এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের সিরিজেই দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক ছোঁয়ার হাতছানি পাচ্ছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। ২০০৩ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে লাল-সবুজের দল।
আরও পড়ুনঃ ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ক্রিকেটেও শিরোপা জিতল ব্রাজিল
প্রায় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারে মুশফিকুর রহিম ১০৩ ম্যাচের ১৯০ ইনিংসে করেছেন ৬ হাজার ৮০৬ রান। এই সময়ে ১৪টি সেঞ্চুরি ও ২৯টি হাফসেঞ্চুরি করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে আর ১৯৪ রান করতে পারলেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন মুশফিক। একই সঙ্গে দেশের ক্রিকেটে গড়বেন নতুন ইতিহাস।
তবে মাইলফলকের পথে কাজটি যে সহজ হবে না, সেটিও ভালোভাবেই জানেন অভিজ্ঞ এই ব্যাটার। অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে বিশ্বের অন্যতম শক্তিশালী টেস্ট দলের বিপক্ষে রান করা হবে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ পেরিয়ে ৭ হাজারের ক্লাবে ঢুকতে পারলে মুশফিকের ব্যক্তিগত অর্জনই শুধু সমৃদ্ধ হবে না, বাংলাদেশের টেস্ট ক্রিকেটেও যুক্ত হবে স্মরণীয় এক অধ্যায়।

