অনুশীলনে যোগ দেয়নি নেইমার, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা কাটছেই না

জিটি রিপোর্ট

প্রকাশ:

নেইমার জুনিয়র
নেইমার জুনিয়র|ছবি: সংগৃহীত

আসন্ন বিশ্বকাপ শুরুর আগে আবারও চোটের শঙ্কায় পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে সম্প্রতি সান্তোসের হয়ে মাঠে ফিরলেও নতুন করে তাঁর পায়ের কাফে ফোলাভাব বা 'কাফে এডিমা' দেখা দেওয়ায় সর্বশেষ অনুশীলনে অংশ নেননি তিনি। ফলে সান্তোসের হয়ে আসন্ন দুটি ম্যাচে তাঁর মাঠে নামা যেমন অনিশ্চিত হয়ে পড়েছে, তেমনি বিশ্বমঞ্চে সেলেসাওদের জার্সিতে তাঁর অংশগ্রহণ নিয়েও বড় ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল এসপোর্তের এক প্রতিবেদনে নেইমারের এই নতুন চোটের খবরটি নিশ্চিত করা হয়েছে। শুরুর দিকে চোট সাধারণ মনে হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ব্রাজিলের ফুটবল ভক্ত ও টিম ম্যানেজমেন্টের মধ্যে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হলেও তাঁর ওপর এখনই ভরসা হারাচ্ছে না ব্রাজিল দল।

আরও পড়ুন: বিশ্বকাপে অতিরিক্ত ৭ ফুটবলার নিয়ে যাবে আর্জেন্টিনা

আজ থেকে শুরু হওয়া জাতীয় দলের বিশেষ ক্যাম্পে নেইমারের চোটের প্রকৃত অবস্থা মূল্যায়ন করে তাঁর বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ইএসপিএনের সাংবাদিক পেদ্রো ইভো আলমেইদার তথ্য অনুযায়ী, আজ থেকে শুরু হওয়া ক্যাম্প পর্যন্ত অপেক্ষা করবেন কোচ কার্লো আনচেলত্তি ও দলীয় মেডিকেল স্টাফ।

প্রয়োজনে বিশ্বকাপের আগের প্রস্তুতি ম্যাচ দুটিতে নেইমারকে পুরোপুরি বিশ্রামে রাখতেও রাজি আছেন কোচ আনচেলত্তি, তবে সেক্ষেত্রে এই তারকা ফরোয়ার্ডকে একটি নির্দিষ্ট ফিটনেস পরিকল্পনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

এর পাশাপাশি নেইমার যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতে না পারেন, তবে বিকল্প পরিকল্পনাও গুছিয়ে রাখছে ব্রাজিল। সে ক্ষেত্রে তাঁর অনুপস্থিতিতে ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর জন্য জাতীয় দলের স্কোয়াডে ফেরার বড় সুযোগ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!