হোবার্ট হ্যারিকেন্স একাডেমিকে ৩ উইকেটে হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয় অর্জন করেছে বাংলাদেশ এইচপি দল। প্রতিপক্ষের দেওয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ বল হাতে রেখে দারুণ এক জয় তুলে নেয় তরুণ বাংলাদেশিরা।
ডারউইনে অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে হোবার্ট। জবাবে সাব্বির রহমান রুম্মনের অর্ধশতকে ভর করে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ এইচপি।
আরও পড়ুনঃ গুনে গুনে অ্যাস্টন ভিলাকে ৪ গোল দিল ব্রাইটন
রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ এইচপি। দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ৪ রান ও জিসান আলম ৯ রান করে দ্রুত বিদায় নেন। এরপর অধিনায়ক ইরফান শুক্কুর ও আরিফুল হক—উভয়েই ৪ রান করে সাজঘরে ফেরেন।
দ্রুত চার উইকেট হারিয়ে দল চাপে পড়লে পঞ্চম উইকেটে হাল ধরেন সাব্বির রহমান ও শামীম পাটোয়ারী। দুজনে মিলে গড়ে তোলেন ৪৬ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি। ২৪ বলে ১৬ রান করে শামীম আউট হলেও একপ্রান্ত ধরে রেখে ফিফটি তুলে নেন সাব্বির। শেষ পর্যন্ত তিনি দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করে আউট হন। মিডল অর্ডারে এস এম মেহরব করেন ১৩ রান।
শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইন ও আবু হায়দার রনি ধীরস্থিরভাবে খেলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। সাকলাইন ১৯ রানে এবং রনি ৮ রানে অপরাজিত থাকেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে হোবার্ট হ্যারিকেন্স একাডেমি। ৬ রানে জ্যাক ডোরেন, ৭ রানে রাধাকৃষ্ণা এবং ১৭ রানে ব্র্যাডলি হোপ আউট হন। তবে একপ্রান্ত আগলে রেখে একাই লড়াই চালান ত্যাগ উইলি। তিনি শেষ পর্যন্ত ৭৮ রানে অপরাজিত থাকেন। দলের অন্য ব্যাটারদের মধ্যে অধিনায়ক টিম ওয়ার্ড ১৫ ও রাফ ম্যাকমিলান ১১ রান করেন।
আরও পড়ুনঃ নাটকীয় জয় দিয়ে মৌসুম শুরু করল ম্যান সিটি
বাংলাদেশ এইচপির পক্ষে চমৎকার বোলিং করেন মোহাম্মদ রুবেল। তিনি সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এ ছাড়া রিপন মণ্ডল দুটি এবং আবু হায়দার রনি ও আব্দুল গাফফার সাকলাইন একটি করে উইকেট শিকার করেন।

