ফ্রান্স–মরক্কোর একাদশে থাকছেন যারা

জিটি রিপোর্ট

প্রকাশ:

 মরক্কো-ফ্রান্স দল
মরক্কো-ফ্রান্স দল|ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় বোস্টনের মাঠে নামবে দুই দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে উভয় দলই সম্ভাব্য একাদশে দুটি করে পরিবর্তন আনতে পারে।

টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামছে কিলিয়ান এমবাপ্পে-উসমান ডেম্বেলেদের ফ্রান্স। অন্যদিকে আফ্রিকার প্রথম দল হিসেবে টানা দুই বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার স্বপ্ন নিয়ে লড়বে মরক্কো।

কোয়ার্টার ফাইনালের ম্যাচে ইনজুরিতে পড়েছেন মরক্কোর আক্রমণভাগের অন্যতম ভরসা ইসমাইল সাইবারি। ফলে ফ্রান্সের বিপক্ষে শুধু শুরুর একাদশ নয়, পুরো স্কোয়াডেই থাকার সম্ভাবনা নেই তার। তার বদলি হিসেবে আগের ম্যাচে নেমে গোল করা সুফিয়ান রাহিমিকেই শুরু থেকেই খেলানোর পরিকল্পনা করছে মরক্কো।

অন্যদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার চাদি রিয়াদ। তিনি শুরুর একাদশে জায়গা পেতে পারেন। তবে মরক্কো শিবিরে দুশ্চিন্তার কারণ চার নিয়মিত ফুটবলারের হলুদ কার্ড। আশরাফ হাকিমি, ঈসা দিয়াপ, আজেদিন ওউনাহি ও আল খানুস নকআউট পর্বে একটি করে হলুদ কার্ড দেখেছেন। পরবর্তী ম্যাচে আরেকটি কার্ড দেখলে তারা নিষেধাজ্ঞার মুখে পড়বেন।

ফ্রান্সের একাদশেও পরিবর্তনের আভাস রয়েছে। ইনজুরির কারণে শেষ ষোলোর ম্যাচ খেলতে না পারা ডিফেন্সিভ মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনি অনুশীলনে ফিরেছেন। তবে ম্যাচের শুরু থেকে তার খেলার সম্ভাবনা খুব বেশি নয়।

প্যারাগুয়ের বিপক্ষে রাইট উইংয়ে শুরু করেছিলেন ব্রাডলি বারকোলা। পরে বদলি হিসেবে নেমে পেনাল্টি আদায় করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডিজেরি দুয়ে। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার শুরুর একাদশে জায়গা পেতে পারেন তিনি।

ফ্রান্সের সম্ভাব্য একাদশ: মাইক মাইগন্যান, জুল কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ো উপামেকানো, লুকাস ডিগনে, মানু কোনো, আদ্রিয়েন রাবিও, মাইকেল ওলিসে, উসমান ডেম্বেলে, ডিজেরি দুয়ে ও কিলিয়ান এমবাপ্পে।

মরক্কোর সম্ভাব্য একাদশ: ইয়াসিন বোনো, আশরাফ হাকিমি, ঈসা দিয়াপ, চাদি রিয়াদ, নুসাইর মাজরাউই, আয়ুব বুয়াদ্দি, আল আইনাওই, আজেদিন ওউনাহি, আল খানুস, ব্রাহিম দিয়াজ ও সুফিয়ান রাহিমি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!