২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামবে দুই দল। দেশের দর্শকরা টেলিভিশন ও অনলাইন—দুই মাধ্যমেই ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন।
বাংলাদেশের দর্শকরা টেলিভিশনে টি-স্পোর্টস, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং সময় টিভিতে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন। এছাড়া মোবাইল ফোন, ট্যাব বা ল্যাপটপ থেকে Sportzfy অ্যাপ ব্যবহার করেও খেলা উপভোগ করা যাবে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সার্চ করেও বিভিন্ন লাইভ সম্প্রচারের উৎস পাওয়া যেতে পারে।
২০২৬ ফিফা বিশ্বকাপ এখন উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে। শেষ ষোলোর বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোর মধ্যে অন্যতম আকর্ষণীয় লড়াই হতে যাচ্ছে ফ্রান্স ও মরক্কোর। ২০২২ সালের কাতার বিশ্বকাপের স্মৃতি এখনও তাজা থাকায় আবারও বিশ্বকাপের নকআউট পর্বে দুই দলের মুখোমুখি হওয়া ফুটবলপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুনঃ সেমিফাইনালে যাবে কোন কোন দল, জানাল সুপারকম্পিউটার
বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। অন্যদিকে মরক্কোর অবস্থান ষষ্ঠ। টুর্নামেন্টের পাওয়ার র্যাঙ্কিংয়েও ফরাসিরা এক নম্বরে থাকলেও ধারাবাহিক পারফরম্যান্সে ষষ্ঠ স্থানে থাকা মরক্কোও আত্মবিশ্বাসী।
সাম্প্রতিক পাঁচ ম্যাচে শতভাগ সাফল্য পেয়েছে ফ্রান্স। বিপরীতে মরক্কো চারটি ম্যাচ জয়ের পাশাপাশি একটি ম্যাচ ড্র করেছে, যা দলটির ধারাবাহিকতারই প্রমাণ।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে ফ্রান্স। এখন পর্যন্ত ছয়বারের সাক্ষাতে চারটি জয় পেয়েছে ফরাসিরা। মরক্কোর একমাত্র জয়টি আসে ১৯৯৮ সালে টাইব্রেকারে। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে।
বিশ্বকাপের মঞ্চেও দুই দলের দেখা হয়েছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালে। সেই ম্যাচে ২-০ গোলের জয় নিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স।
ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণভাগ। কিলিয়ান এমবাপ্পে ও রায়ান চেরকির মতো তারকাদের নিয়ে গড়া ফরোয়ার্ড লাইন যেকোনো প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ। পাশাপাশি দলটির শারীরিক সক্ষমতা এবং চাপের মুহূর্তে মানসিক দৃঢ়তাও অন্যতম শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে কোচ মোহাম্মদ ওয়াহাবিয়ার অধীনে মরক্কো এখন আরও আক্রমণাত্মক ও আধুনিক ফুটবল খেলছে। সুযোগ কাজে লাগানোর দক্ষতা দলটির অন্যতম বড় সম্পদ। কানাডার বিপক্ষে মাত্র চারটি শট থেকে তিনটি গোল করার ঘটনাই তার প্রমাণ। অভিজ্ঞ আশরাফ হাকিমিও দলের অন্যতম বড় ভরসা।
আরও পড়ুনঃ ফ্রান্স নাকি মরক্কো, কে যাবে সেমিফাইনালে—জানাল সুপারকম্পিউটার
পরিসংখ্যান ও বিশ্লেষণ অনুযায়ী, ম্যাচটিতে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৬১ শতাংশ। মরক্কোর জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৬ শতাংশ। আর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৩ শতাংশ।
তবে কাগজে-কলমে ফ্রান্স এগিয়ে থাকলেও মরক্কোর সুসংগঠিত রক্ষণ এবং দ্রুত পাল্টা আক্রমণ যেকোনো সময় ম্যাচের গতিপথ বদলে দিতে পারে।
বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই দলই সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে। এখন দেখার বিষয়, ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ফ্রান্স নিজেদের আধিপত্য ধরে রাখতে পারে, নাকি মরক্কো আরেকটি চমক দেখিয়ে শেষ চারে জায়গা করে নেয়।

