ইতালির মাটিতেই নিজের ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে চান আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। পালের্মো থেকে জুভেন্টাস, এরপর রোমা—ইতালির ফুটবলে দীর্ঘ ১৪ বছরের পথচলায় এই দেশকে আপন করে নিয়েছেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড। তাই ক্যারিয়ারের শেষটাও ইতালিতে হোক, এমনটাই প্রত্যাশা তাঁর।
বর্তমানে রোমাকে ঘিরে বাড়তি উন্মাদনা। আট বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরেছে ইতালিয়ান ক্লাবটি। ইউরোপের সেরা প্রতিযোগিতায় এবার রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) মতো শক্তিশালী দলের মুখোমুখি হতে হবে তাদের।
রোববার সিরি আ-তে কোমোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে রোমা। নিজেদের মাঠ স্তাদিও অলিম্পিকোয় চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে সমর্থকদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ আট বছর। ২০১৮-১৯ মৌসুমের পর এবারই প্রথম এই প্রতিযোগিতায় ফিরেছে ক্লাবটি।
চলতি সপ্তাহের শেষ দিকে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে আমাজন প্রাইম ভিডিওকে দেওয়া সাক্ষাৎকারে দিবালা গত মৌসুমের সাফল্য নিয়ে কথা বলেন। সেরি আ-তে শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে দলকে সর্বোচ্চ চেষ্টা করতে হয়েছিল বলে জানান তিনি। ইউরোপের বড় দলগুলোর বিপক্ষে ঘরের মাঠে সমর্থকদের সামনে আরও ভালো খেলার প্রত্যয়ও ব্যক্ত করেন এই ফরোয়ার্ড।
আরও পড়ুনঃ আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
‘করিয়েরে দেল্লো স্পোর্ট’-এর মাধ্যমে প্রকাশিত বক্তব্যে দিবালা বলেন, ‘গত মৌসুমে আমরা আমাদের সেরাটা উজাড় করে দিয়েছিলাম, যা আমাদের এবং সমর্থকদের মনে আনন্দের জোয়ার এনে দিয়েছিল।’
তিনি আরও বলেন, ‘এটি আমাদের অনেক গৌরবও এনে দিয়েছে। ইউরোপে ফিরে আসাটা সবার জন্য কতটা অর্থবহ ছিল, তা আমরা সবাই দেখেছি। কাজটা কঠিন হবে, কারণ আমরা বিশ্বের সবচেয়ে সফল ও মর্যাদাবান দলগুলোর মুখোমুখি হতে যাচ্ছি। তবে যখন ঘরের মাঠে সমর্থকদের সমর্থন নিয়ে আমরা খেলব, তখন আমরা আরও বেশি কিছু দিতে পারব।’
রোমার হয়ে খেলার পাশাপাশি ইতালির প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন দিবালা। এই দেশে তাঁর দীর্ঘ ফুটবলজীবন তাঁকে শুধু একজন খেলোয়াড় হিসেবেই নয়, মানুষ হিসেবেও বেড়ে উঠতে সাহায্য করেছে বলে মনে করেন তিনি।
দিবালা বলেন, ‘আমি কখনো ভাবিনি যে এখানে আমার এমন একটি ক্যারিয়ার হবে। এই দেশ আমাকে খুব আপন করে বরণ করে নিয়েছিল এবং এখানকার মানুষ একজন ফুটবলার হিসেবে তো বটেই, একজন মানুষ হিসেবেও আমাকে বেড়ে উঠতে সাহায্য করেছে। জীবনের যেকোনো মানুষের মতো আমারও এখানে অনেক দারুণ স্মৃতি, ভালো সময় এবং দুঃখের মুহূর্ত রয়েছে। আমি আশা করি আমার ক্যারিয়ারের শেষটাও ইতালিতেই হবে।’
২০২২ সালের জুলাইয়ে জুভেন্টাস ছেড়ে রোমায় যোগ দেন দিবালা। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১৪৭ ম্যাচে ৪৫ গোল করেছেন তিনি। এর আগে জুভেন্টাসে সাত মৌসুম কাটিয়ে ক্যারিয়ারের উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন এই আর্জেন্টাইন।
জুভেন্টাসে যোগ দেওয়ার আগে পালের্মোর হয়ে ইউরোপীয় ফুটবলে নিজের পথচলা শুরু করেছিলেন দিবালা। সব মিলিয়ে ইতালিতে তাঁর কাটানো ১৪ বছরে দেশটির সঙ্গে তৈরি হয়েছে গভীর সম্পর্ক। সেই টান থেকেই ক্যারিয়ারের শেষটা ইতালিতে কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে রোমাতেই তাঁর খেলোয়াড়ি জীবনের শেষ হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

