রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে ৪ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ‘গেম ডেভেলপমেন্ট (জিডি) ট্রফি’র ম্যাচে শেষ পর্যন্ত জয় পেয়েছে অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা।
রবিবার (৩০ আগস্ট) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে অনূর্ধ্ব-১৯ দল। ৪৮ দশমিক ৪ ওভারে ২২৬ রান করে অলআউট হয় তারা।
দলের হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রবিউল হাসান। ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটেই ২ শ রানের গণ্ডি পেরোয় অনূর্ধ্ব-১৯ দল।
ওপেনার আব্দুল্লাহ আল মুহিবও ব্যাট হাতে অবদান রাখেন। ৪০ রান করেন তিনি। আরেক ওপেনার জারিফ সিয়াম করেন ১৯ রান। আগের ম্যাচে অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন জারিফ। সেই ম্যাচে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন তিনি।
অনূর্ধ্ব-২৩ দলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শেখ পারভেজ জীবন। ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। আজিজুল হাকিম তামিম ও অহরার আমিন নেন ২টি করে উইকেট।
আরও পড়ুনঃ মেসির রাজকীয় কামব্যাক, বড় জয় পেল মায়ামি
২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল অনূর্ধ্ব-২৩ দল। তবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় তারা। জয়ের খুব কাছাকাছিও পৌঁছে গিয়েছিল দলটি।
৪৯ দশমিক ৩ ওভারে ২২২ রানে অলআউট হয় অনূর্ধ্ব-২৩ দল। ফলে ৪ রানের জয় নিশ্চিত হয় অনূর্ধ্ব-১৯ দলের।
ব্যাট হাতে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে সর্বোচ্চ রান করেন রিজান হোসেন। তাঁর ব্যাট থেকে আসে ৪৪ রান। ওপেনার খালিদ হাসান করেন ৩৪ রান।
অনূর্ধ্ব-১৯ দলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন পেসার আব্দুর রহিম। ৫২ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়েই শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে অনূর্ধ্ব-১৯ দল।
এ ছাড়া আল রাফি ও তাফিউল আলম তামিম নেন ২টি করে উইকেট। এস কে জারিফ সিয়াম ও রবিউল হাসান অনিক একটি করে উইকেট শিকার করেন।
এর আগে টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচে অনূর্ধ্ব-১৭ দলকে বড় ব্যবধানে হারিয়েছিল অনূর্ধ্ব-১৯ দল। সেই ম্যাচে জয় পেয়েছিল ২৪৬ রানের বিশাল ব্যবধানে।
দুই ম্যাচে দুই জয় নিয়ে জিডি ট্রফিতে নিজেদের অবস্থান শক্ত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অন্যদিকে অনূর্ধ্ব-২৩ দলকে অল্পের জন্য হারিয়ে দ্বিতীয় জয় তুলে নেওয়ায় আত্মবিশ্বাসও বাড়ল তরুণ ক্রিকেটারদের।

