স্কুল পর্যায়ে গোলকিপার ছিলেন জাইমা রহমান: আমিনুল হক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ:

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও জাইমা রহমান
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও জাইমা রহমান|ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ফুটবল খেলা নিয়ে আগ্রহ এবং চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়ার বিষয়ে দেওয়া বক্তব্য নিয়ে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (২২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ-এ দেওয়া এক পোস্টে আমিনুল হক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জাইমা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে থাকাকালীন ফুটবল খেলতেন। সেই সূত্র ধরেই চেলসির বয়সভিত্তিক দলে গোলরক্ষক হিসেবে তাঁর খেলার সুযোগ এসেছিল। দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই গোলরক্ষক বলেন, জাইমা রহমানের স্কুলে গোলকিপিং করার কথা তিনি খোদ প্রধানমন্ত্রীর মুখ থেকেই শুনেছিলেন।

তিনি উল্লেখ করেন, স্কুলে থাকাকালীন চেলসির বয়সভিত্তিক দলে খেলার সুযোগ এলেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান মেয়েকে লেখাপড়ায় মনোযোগী হতে বলেছিলেন।

নিজের বক্তব্যের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে প্রতিমন্ত্রী আরও জানান, জাইমা রহমান যখন মিরপুরে ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন, তখন গোলকিপিং নিয়ে তাঁদের মধ্যে স্মৃতিচারণমূলক কথা হয়।

সেদিনের স্মৃতি টেনে আমিনুল হক বলেন, জাইমা রহমান তাঁকে বলেছিলেন, আঙ্কেল, আমি কিন্তু স্কুলে আপনার মতো গোলরক্ষক ছিলাম। মূলত জাইমা স্কুল পর্যায়ে কিপিং করতেন এবং লম্বা হওয়ায় এই পজিশনে তাঁর বিশেষ দক্ষতা ছিল।

আমিনুল হক জোর দিয়ে বলেন, ইউরোপে স্কুলের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রতিটি শিশুর বেড়ে ওঠার অংশ। জাইমা রহমানেরও খেলাধুলার প্রতি ভালোবাসা ছিল, তবে পরিবারের ইচ্ছায় তিনি শেষ পর্যন্ত শিক্ষাজীবনকেই অগ্রাধিকার দিয়েছেন।

মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে জাইমা রহমানের ফুটবল খেলা নিয়ে আগ্রহ এবং চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়ার বিষয়ে করা আমিনুল হকের মন্তব্যের বিভ্রান্তি তৈরি হওয়ায় তিনি বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!