বৈরী আবহাওয়ার কারণে অনিশ্চয়তায় পড়েছে ব্রাজিল ও স্কটল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। তবে সম্ভাব্য বজ্রঝড় ম্যাচ আয়োজনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও ওই সময়েই তীব্র বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে। ফলে ম্যাচ নির্ধারিত সময়ে শুরু না হওয়ার পাশাপাশি খেলা চলাকালেও স্থগিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ফিফার প্রচলিত নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইল ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করতে হয়। এছাড়া সর্বশেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা না করে ম্যাচ পুনরায় শুরু করা যায় না। এতে ম্যাচ দীর্ঘ সময়ের জন্য বিঘ্নিত হতে পারে।
চলতি বিশ্বকাপেই এমন পরিস্থিতির নজির রয়েছে। ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাকের মধ্যকার ম্যাচ বজ্রঝড়ের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল। পরে ফুটবলারদের নতুন করে ওয়ার্মআপ করে মাঠে ফিরতে হয়।
আরও পড়ুনঃ এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল ৩ দল
সম্ভাব্য বিলম্বের বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে স্কটল্যান্ড শিবির। দলের প্রধান কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, ম্যাচ বিলম্বিত হলে তা মোকাবিলার জন্য তাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তার ভাষ্য, পরিস্থিতি যাই হোক না কেন, দল প্রস্তুত আছে এবং প্রয়োজন হলে কৌশলগতভাবেই তা সামাল দেওয়া হবে।
গ্রুপ সি থেকে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে স্কটল্যান্ডের অন্তত এক পয়েন্ট প্রয়োজন। তবে এই ম্যাচে হারলেও তাদের বিদায় নিশ্চিত হবে না; সেক্ষেত্রে অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে তাদের ভাগ্য।
অন্যদিকে, ইনজুরি কাটিয়ে ব্রাজিল দলে নেইমারের ফেরার সম্ভাবনা রয়েছে, যা ম্যাচের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। তবে স্কটল্যান্ড এই ম্যাচেও ডিফেন্ডার অ্যারন হিকিকে পাচ্ছে না।
সব মিলিয়ে মাঠের লড়াইয়ের পাশাপাশি এখন আলোচনায় রয়েছে আবহাওয়া। আকাশ পরিষ্কার থাকলে দর্শকরা উপভোগ করতে পারবেন একটি হাইভোল্টেজ ম্যাচ, আর বজ্রঝড় শুরু হলে অপেক্ষা করতে হতে পারে দীর্ঘ সময়। [সূত্র: দ্য সান]

