২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন উরুগুয়ের প্রধান কোচ মার্সেলো বিয়েলসা। দলে জায়গা হয়নি দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজের। ফলে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর এই প্রথম কোনো বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকলেন তিনি।
২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন সুয়ারেজ। তবে চলতি বছরের এপ্রিলে জাতীয় দলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। সে সময় সুয়ারেজ বলেছিলেন, 'বিশ্বকাপ দলে ডাক দিলে আমি না করব না। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়াই বিশ্বকাপের দল চূড়ান্ত করেছেন বিয়েলসা।
বর্তমানে ৩৯ বছর বয়সী সুয়ারেজ ক্লাব ফুটবলে ভালো ছন্দে আছেন। ইন্টার মায়ামির হয়ে চলতি মৌসুমে মেজর লিগ সকারে (এমএলএস) ১১ ম্যাচে ৬ গোল করেছেন তিনি। দলের হয়ে তার চেয়ে বেশি গোল করেছেন শুধু লিওনেল মেসি (১২) এবং জার্মান বেরতেরামে (৭)। সাতটি ম্যাচে শুরুর একাদশে খেলেছেন সুয়ারেজ এবং মাঠে ছিলেন মোট ৬১৪ মিনিট। এরপরও তার এই পারফরম্যান্স জাতীয় দলে ফেরার জন্য যথেষ্ট মনে করেননি বিয়েলসা।
আক্রমণভাগে বিয়েলসা ভরসা রেখেছেন ডারউইন নুনিয়েজ, রদ্রিগো আগুইরে ও ফেদেরিকো ভিনাসের ওপর। বিশ্বকাপে মূল একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকবেন এই তিন ফরোয়ার্ড।
উরুগুয়ের জার্সিতে ১৪৩ ম্যাচে ৬৯ গোল করেছেন সুয়ারেজ। চারটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি মোট ৭ গোল করেছেন। এর মধ্যে ২০১০ বিশ্বকাপে ৩টি, ২০১৪ বিশ্বকাপে ২টি এবং ২০১৮ বিশ্বকাপে ২টি গোল করেন। ২০২২ কাতার বিশ্বকাপে অবশ্য কোনো গোল পাননি তিনি।
আরও পড়ুন:ইউটিউবে বিনামূল্যে বিশ্বকাপ দেখতে পারবেন ব্রাজিলের ফুটবলপ্রেমীরা
২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। সেই আসরের জন্য ঘোষিত দলে নেতৃত্ব দেবেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। এছাড়া মিডফিল্ডে আছেন টটেনহ্যাম হটস্পারের রদ্রিগো বেনতানকুর, ম্যানচেস্টার ইউনাইটেডের মানুয়েল উগার্তে, ফ্লামেঙ্গোর নিকোলাস দে লা ক্রুস ও জর্জিয়ান দে আরাসকায়েতা, ব্রাগার রদ্রিগো সালাজার এবং স্পোর্টিং সিপির ম্যাক্সিমিলিয়ানো আরাউহো।
রক্ষণভাগে রয়েছেন বার্সেলোনার রোনাল্ড আরাউহো, আতলেতিকো মাদ্রিদের হোসে মারিয়া হিমেনেস, নাপোলির মাথিয়াস অলিভেরা, ফ্লামেঙ্গোর গিয়ের্মো ভারেলা, ক্লাব আমেরিকার সেবাস্তিয়ান কাসেরেস, উলভারহ্যাম্পটনের সান্তিয়াগো বুয়েনো, রিভার প্লেটের মাতিয়াস ভিনা, ভাস্কো দা গামার হোসে লুইস রদ্রিগেস এবং পালমেইরাসের হোয়াকিন পিকেরেস।
গোলরক্ষক হিসেবে দলে আছেন সার্জিও রোশেত, সান্তিয়াগো মেলে এবং অভিজ্ঞ ফার্নান্দো মুসলেরা। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর আবার জাতীয় দলে ফিরে এসেছেন মুসলেরা। তিনি এবার নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এই আসরে খেললে উরুগুয়ের হয়ে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড গড়ার সুযোগ পাবেন তিনি।
বিশ্বকাপে গ্রুপ ‘এইচ’-এ খেলবে উরুগুয়ে। ১৫ জুন মায়ামিতে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে তারা। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে ও অন্যতম ফেভারিট স্পেন।
অপ্টার সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, উরুগুয়ের গ্রুপ পর্ব পেরোনোর সম্ভাবনা ৮৩ দশমিক ৪ শতাংশ। শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা ৩৯ শতাংশ এবং কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা ২০ শতাংশ। তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১ দশমিক ৫ শতাংশ।
উরুগুয়ের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: সার্জিও রোশেত, সান্তিয়াগো মেলে, ফার্নান্দো মুসলেরা।
ডিফেন্ডার: হোসে মারিয়া হিমেনেস, সেবাস্তিয়ান কাসেরেস, রোনাল্ড আরাউহো, গিয়ের্মো ভারেলা, মাথিয়াস অলিভেরা, মাতিয়াস ভিনা, সান্তিয়াগো বুয়েনো, হোসে লুইস রদ্রিগেস, হোয়াকিন পিকেরেস।
মিডফিল্ডার: মানুয়েল উগার্তে, হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া, নিকোলাস দে লা ক্রুস, এমিলিয়ানো মার্তিনেস, জর্জিয়ান দে আরাসকায়েতা, ফেদেরিকো ভালভার্দে, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, নিকোলাস ফনসেকা, রদ্রিগো বেনতানকুর, রদ্রিগো সালাজার।
ফরোয়ার্ড: ডারউইন নুনিয়েজ, ফাকুন্দো পেল্লিস্ত্রি, আগুস্তিন কানোব্বিও, ব্রায়ান রদ্রিগেস, ফেদেরিকো ভিনাস, ফাকুন্দো তোরেস, আগুস্তিন আলভারেজ এবং রদ্রিগো আগুইরে।

