টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক নাহিদা

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা |ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার। নিগার সুলতানার জায়গায় তাঁকে নতুন অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাহিদার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সোবহানা মোস্তারি। বিসিবির এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দীর্ঘদিন দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা নাহিদার সামনে এবার নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হলো।

এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নিগার সুলতানা। নিজের খেলায় আরও মনোযোগ দিতেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন তিনি। এর আগে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছিল, নিগারের উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন নাহিদা।

ক্রিকবাজকে বিসিবির নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচক প্যানেলের সদস্যদেরসহ অন্যদের সঙ্গে আমরা বসেছিলাম। এরপর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নাহিদার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সোবহানা মোস্তারি তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবে।’

আরও পড়ুনঃ অবশেষে সুখবর পেলেন মোহাম্মদ রিজওয়ান

নাহিদাকে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত সময় এখনই বলে মনে করছে বিসিবি। ২০২২ সালে নিগার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার পর থেকেই সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন নাহিদা। দীর্ঘদিনের এই অভিজ্ঞতা তাঁকে নতুন দায়িত্ব পালনে সহায়তা করবে বলে আশা করছে বোর্ড।

রফিকুল ইসলাম বলেন, ‘নাহিদা বেশ দীর্ঘ সময় ধরে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছে। এখন আমরা মনে করছি, টি-টোয়েন্টি দলের দায়িত্ব তার হাতে তুলে দেওয়ার সঠিক সময় এসেছে।’

টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন নিগার সুলতানা। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তাঁর নেতৃত্বে খেলেছে বাংলাদেশ নারী দল।

বাংলাদেশ নারী দলের পরবর্তী মিশন আইসিসি উইমেন্স এমার্জিং নেশনস ট্রফি। থাইল্যান্ডে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় আগামী ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। নতুন অধিনায়ক নাহিদার নেতৃত্বে টি-টোয়েন্টি দল কেমন করে, এখন সেদিকেই থাকবে নজর।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!