উগান্ডার তারকা ফুটবলারকে পিটিয়ে হত্যা করল দুর্বৃত্তরা

জিটি রিপোর্ট

প্রকাশ:

এসসি ভিলার অধিনায়ক ডেভিড ওওরি
এসসি ভিলার অধিনায়ক ডেভিড ওওরি|ছবি: সংগৃহীত

উগান্ডার আন্তর্জাতিক ফুটবলার ও দেশটির শীর্ষ লিগের ক্লাব এসসি ভিলার অধিনায়ক ডেভিড ওওরিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজধানী কাম্পালায় বাড়ি ফেরার পথে একদল অপরাধীর হামলার শিকার হন ২৭ বছর বয়সী এই ফুটবলার। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত বুধবার এক বিবৃতিতে ওওরির মৃত্যুর খবর নিশ্চিত করে এসসি ভিলা। তার মৃত্যুতে উগান্ডার ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ক্লাবটি বিবৃতিতে জানায়, ‘আমরা শুধু একজন ফুটবলারকে হারাইনি; আমরা হারিয়েছি একজন আদর্শ মানুষ, একজন সতীর্থ এবং একজন বন্ধুকে।’

আরও পড়ুনঃ আর কত গোল করলে ১০০০ গোলের মাইলফলকে পৌঁছাবেন মেসি-রোনালদো

এসসি ভিলার মুখপাত্র আসান কাসিংয়ে স্থানীয় গণমাধ্যমকে জানান, সেদিন রাত প্রায় ৮টার দিকে ওওরি বাড়ি ফিরছিলেন। রাজধানী কাম্পালার একটি সড়কে পৌঁছালে একদল অপরাধী তার পথরোধ করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওওরির মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা পাথর দিয়ে তাকে নির্মমভাবে আঘাত করে। পরে অচেতন অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উগান্ডা ফুটবল ফেডারেশনের সভাপতি মোজেস হাসিম এক বিবৃতিতে বলেন, ‘ডেভিড শুধু একজন ফুটবলার ছিলেন না। তিনি ছিলেন একজন নেতা এবং পুরো একটি প্রজন্মের অনুপ্রেরণা। এসসি ভিলার অধিনায়ক হিসেবে তিনি সাহস, বিনয় ও আবেগ দিয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন। উগান্ডা ক্রেনসের জার্সি গায়ে তিনি একটি পুরো জাতির স্বপ্নের প্রতিনিধিত্ব করেছেন। আমরা আমাদের এক সন্তান, এক নেতা এবং এক উজ্জ্বল তারকাকে হারিয়েছি।’

উগান্ডা জাতীয় দলের হয়ে খেলা ওওরি মাঠে তার বহুমুখী দক্ষতার জন্য পরিচিত ছিলেন। রাইট উইং-ব্যাক ও মিডফিল্ড—দুই পজিশনেই সমান দক্ষতার সঙ্গে খেলতে পারতেন তিনি।

আরও পড়ুনঃ নানা নাটকীয়তার পর রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তিতে ভিনিসিয়ুস

২০১৮ সালে প্রথমবার এসসি ভিলায় যোগ দেন ওওরি। ২০২১ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলার পর ইউরোপে পাড়ি জমান তিনি। সেখানে স্পেনের ভেলেজ এবং পরে সুইডেনের উতসিকটেন্স ক্লাবের হয়ে খেলেন।

২০২৩ সালে আবারও এসসি ভিলায় ফিরে আসেন ওওরি। ফেরার পর ক্লাবটির ১৭তম লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। উগান্ডার জাতীয় লিগে এটি এসসি ভিলার রেকর্ডসংখ্যক শিরোপা।

ওওরির হত্যাকাণ্ডের পর রাজধানী কাম্পালার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর মাত্র কয়েক সপ্তাহ আগে উগান্ডা জাতীয় রাগবি দলের ২৭ বছর বয়সী খেলোয়াড় সিডনি গংগোদিওও কাম্পালায় একই ধরনের হামলায় নিহত হন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!