জেমিনি ব্যবহারকারীদের জন্য সুখবর

জিটি ডেস্ক

প্রকাশ:

জেমিনি
জেমিনি |ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি, ভিডিও ও গানে থাকা দৃশ্যমান জলছাপ সরানোর সুযোগ দিতে যাচ্ছে গুগল। শিগগিরই জেমিনি ব্যবহারকারীরা চাইলে এই জলছাপ বন্ধ করতে পারবেন। তবে কনটেন্টটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হলেও এমন তথ্য গোপনে সংরক্ষিত থাকবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, গুগল শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। নতুন সুবিধাটি জেমিনি, ফ্লো এবং গুগলের কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেলে চালু হবে।

আরও পড়ুন: কনটেন্ট ক্রিয়েটরদের সুখবর দিল ফেসবুক, আসছে নতুন সুবিধা

গুগলের জেমিনি বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড জানিয়েছেন, দৃশ্যমান জলছাপ বন্ধ করলেও গোপন জলছাপ ও অন্যান্য পরিচয়সংক্রান্ত তথ্য মুছে যাবে না। ফলে কোনো ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কি না তা পরে শনাক্ত করা যাবে।

গুগলের তৈরি গোপন জলছাপের নাম সিন্থ আইডি। এটি ছবির ভেতরে এমনভাবে যুক্ত থাকে যা সাধারণভাবে চোখে দেখা যায় না।  

গুগলের এই পরিবর্তনের লক্ষ্য সৃজনশীল কাজকে আরও সহজ করা। দৃশ্যমান জলছাপ অনেক সময় ছবি বা ভিডিওর নকশা ও ব্যবহারে বাধা তৈরি করে। বিশেষ করে পেশাদার কাজের ক্ষেত্রে এটি সমস্যার কারণ হতে পারে।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি কনটেন্ট শনাক্ত করার সুযোগও রাখতে চাইছে গুগল। তাই দৃশ্যমান জলছাপ সরানোর সুযোগ থাকলেও গোপন শনাক্তকরণ ব্যবস্থা চালু থাকবে।

আরও পড়ুন: অ্যান্ড্রয়েড ডিভাইসে বন্ধ হতে যাচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট

নতুন সুবিধাটি আগামী কয়েক দিনের মধ্যে চালু হতে পারে। সুবিধাটি পাওয়া গেলে জেমিনির সেটিংস থেকে অপশন নির্বাচন করে দৃশ্যমান জলছাপ চালু বা বন্ধ করা যাবে।

এদিকে গুগল ‘ক্রেডেনশিও’ নামে একটি নতুন সফটওয়্যারও উন্মুক্ত করছে। এর মাধ্যমে নির্মাতারা নিজেদের তৈরি বিভিন্ন সফটওয়্যারে স্থানীয়ভাবে কনটেন্ট যাচাইয়ের ব্যবস্থা যুক্ত করতে পারবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি কনটেন্টের পরিচয় নিশ্চিত করার পদ্ধতি নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখন প্রতিযোগিতা বাড়ছে। গুগলের নতুন সিদ্ধান্ত সেই ব্যবস্থাকে আরও নমনীয় করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!