ফেসবুক অ্যাড পেমেন্টে আসছে বিকাশ, কমবে আন্তর্জাতিক কার্ডের নির্ভরতা

জিটি রিপোর্ট

প্রকাশ:

মেটা
মেটা |ছবি: সংগৃহীত

বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার খবর এসেছে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তাদের বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পেমেন্টের মাধ্যম হিসেবে দেশের মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ যুক্ত করার উদ্যোগ নিয়েছে। এতে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমতে পারে।

যদিও সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হয়নি, তবুও বেশ কয়েকজন ব্যবহারকারী ইতোমধ্যে বিকাশের মাধ্যমে সফলভাবে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে পেরেছেন।

আরও পড়ুন: ফেসবুকে বেশি রিচ ও ভিউ পাওয়ার কার্যকরী টিপস!

ব্যবহারকারীদের শেয়ার করা বিভিন্ন স্ক্রিনশটে দেখা গেছে, ফেসবুক অ্যাডস ম্যানেজারের ‘Add Payment Method’ অপশনে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের অপশনও যুক্ত হয়েছে। কয়েকজন ব্যবহারকারী এই পদ্ধতিতে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন বলে জানিয়েছেন।

এতদিন বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল কারেন্সি সুবিধা এবং বিভিন্ন ব্যাংকিং জটিলতার কারণে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের নানা সমস্যায় পড়তে হতো। বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য এসব শর্ত পূরণ করা ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।

প্রযুক্তি সংশ্লিষ্টরা মনে করছেন, বিকাশের মতো স্থানীয় মোবাইল আর্থিক সেবা যুক্ত হলে স্থানীয় মুদ্রায় সহজে বিজ্ঞাপনের খরচ পরিশোধ করা সম্ভব হবে। ফলে ক্ষুদ্র উদ্যোক্তা ও অনলাইন ব্যবসায়ীদের জন্য ফেসবুক বিজ্ঞাপন ব্যবহার আরও সহজ হবে।

আরও পড়ুন: ইউটিউব থেকে ঘরে বসে আয় করবেন যে কৌশলে

বিশ্লেষকদের মতে, নতুন কোনো পেমেন্ট ফিচার চালুর আগে মেটা সাধারণত সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে তা চালু করে। ট্রায়াল সফল হলে ধাপে ধাপে এটি আরও বেশি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়। তাই বর্তমানে সব অ্যাকাউন্টে বিকাশ অপশন দেখা না গেলেও ভবিষ্যতে এটি সবার জন্য চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে কবে নাগাদ এই সুবিধা বাংলাদেশে সব ব্যবহারকারীর জন্য চালু হবে, তা এখনও নিশ্চিত নয়।

তবুও প্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষামূলকভাবে বিকাশকে পেমেন্ট অপশন হিসেবে যুক্ত করার উদ্যোগ দেশের ডিজিটাল ব্যবসা ও অনলাইন উদ্যোক্তাদের জন্য ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত বহন করছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!