স্মার্ট চশমায় গোপনে ভিডিও ধারণ, বাড়ছে উদ্বেগ

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

দৃষ্টিপ্রতিবন্ধী বয়স্ক ব্যক্তিদের জন্য এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ হতে পারে
দৃষ্টিপ্রতিবন্ধী বয়স্ক ব্যক্তিদের জন্য এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ হতে পারে|ছবি: সংগৃহীত

স্মার্ট চশমার ব্যবহার দ্রুত বাড়ছে। এই চশমার মাধ্যমে মুঠোফোন ছাড়াই কথা বলা যায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন সুবিধাও ব্যবহার করা সম্ভব। চাইলে চশমায় থাকা ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিওও ধারণ করা যায়।

তবে নতুন এই প্রযুক্তি গোপনীয়তা নিয়ে প্রশ্নও জোরালো করছে। বিশেষ করে প্রকাশ্যে মানুষের অজান্তে ভিডিও ধারণের বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। স্মার্ট চশমার বাজারে বর্তমানে মেটার তৈরি রে-ব্যান চশমা বেশ জনপ্রিয়। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭০ লাখের বেশি জোড়া চশমা বিক্রি হয়েছে।

যুক্তরাজ্যে প্রায় ৮০০টি পানশালা পরিচালনাকারী প্রতিষ্ঠান ওয়েদারস্পুনস তাদের অভ্যন্তরে স্মার্ট চশমা দিয়ে ভিডিও ধারণ নিষিদ্ধ করেছে। নারীর অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোও এর অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করেছে।

আরও পড়ুন: সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

বেলফাস্টের ৩১ বছর বয়সী পিয়ার্স ভ্যালেলি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরি করেন। তিনি মেটার রে-ব্যান চশমা ব্যবহার করেন। সাধারণত রাস্তায় হাঁটার সময় পথচারীদের সঙ্গে কথোপকথনের ভিডিও ধারণ করেন তিনি। বেলফাস্ট শহরের একটি ভিডিও টিকটকে ৬ লাখের বেশি বার দেখা হয়েছে।

ভ্যালেলি বলেন, তিনি প্রযুক্তিটি ইতিবাচকভাবে ব্যবহার করেন। কারও আপত্তি থাকলে তিনি সেই ভিডিও প্রকাশ করেন না। তার দাবি, ভিডিওতে থাকা ব্যক্তিদের নিয়ে হাসাহাসি করার উদ্দেশ্যে এসব ধারণ করা হয় না।

চশমাটিতে থাকা ক্যামেরা স্পর্শের মাধ্যমে চালু করা যায়। ভিডিও ধারণের সময় চশমায় একটি সাদা আলো জ্বলে ওঠে। এর মাধ্যমে আশপাশের মানুষকে ভিডিও ধারণের বিষয়টি জানানোর চেষ্টা করা হয়।

মেটা জানিয়েছে, সম্প্রতি চশমাটিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। ক্যামেরা সক্রিয় থাকার সংকেত দেওয়া আলোতে কারসাজি করা হলে ক্যামেরাটি কাজ করবে না।

তবে বাস্তবে আশপাশের মানুষ সব সময় বিষয়টি বুঝতে পারেন কি না, সেটিই বড় প্রশ্ন। ভ্যালেলি বলেন, অনেক সময় চশমার আলো দেখে মানুষ বুঝতে পারেন যে ভিডিও ধারণ করা হচ্ছে। সুযোগ পেলে ভিডিও ধারণের পর সংশ্লিষ্ট ব্যক্তিকেও বিষয়টি জানান তিনি।

তবে স্মার্ট চশমার ইতিবাচক ব্যবহারও রয়েছে। বেলফাস্টের চক্ষু বিশেষজ্ঞ জিওফ ম্যাককনভিল বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী বয়স্ক ব্যক্তিদের জন্য এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ হতে পারে।

আরও পড়ুন: আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

চশমার এআইভিত্তিক সুবিধা ব্যবহার করে বিভিন্ন লেখা পড়ে শোনানো যায়। সংবাদপত্র কিংবা রাস্তার সাইনবোর্ডের লেখাও শোনার সুযোগ রয়েছে।

মেটা বলেছে, দৃষ্টিপ্রতিবন্ধী বা শ্রবণপ্রতিবন্ধী মানুষের জন্য এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ নতুন সুযোগ তৈরি করছে। তবে প্রতিষ্ঠানটির মতে, যেসব জায়গায় ভিডিও ধারণ করা উচিত নয়, সেখানে এ ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা থাকাই স্বাভাবিক।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরিও বলেছেন, কেউ যদি অন্যের ক্ষতি বা হয়রানির উদ্দেশ্যে ভিডিও প্রকাশ করেন, তাহলে সেই ভিডিও সরিয়ে দেওয়া হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!