২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর ঢাকা সেনানিবাসে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। প্রভাতী ও দিবা শাখায় বাংলা মাধ্যম এবং ইংরেজি ভার্সনে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন করা যাবে। আগ্রহী অভিভাবকদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.acps.edu.bd-এর মাধ্যমে আবেদন করতে হবে।
আরও পড়ুন: নৌবাহিনী কলেজ ঢাকায় প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু, লটারি ১৯ নভেম্বর
ভর্তিচ্ছু শিক্ষার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে ৫ থেকে ৭ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীদের সাক্ষাৎকার ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের জন্য আগামী ৯ ও ১০ ডিসেম্বর ২০২৬ তারিখ নির্ধারণ করা হয়েছে। সাক্ষাৎকারের সময়সূচি এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হবে আগামী ১৭ ডিসেম্বর ২০২৬ তারিখে স্কুল ক্যাম্পাসে। সরকারি নীতিমালা অনুযায়ী লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম শ্রেণি ছাড়া অন্য কোনো শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে না। এ ছাড়া কোনো ধরনের সুপারিশ ভর্তির যোগ্যতা হিসেবে বিবেচিত হবে না।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনার জন্য অভিভাবকদের আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।


