বাড়ল গুচ্ছ ভর্তির সময়, ফাঁকা ৪২০ আসন

জিটি রিপোর্ট

প্রকাশ:

স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির সময় আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে
স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির সময় আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে|ছবি: সংগৃহীত

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির সময় আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্ধারিত সময়ে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরা এই বর্ধিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করতে পারবেন। বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ৪২০টি আসন ফাঁকা রয়েছে।

শনিবার (১৮ জুলাই) গুচ্ছভুক্ত ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষা কমিটির সদস্য সচিব এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।

আরও পড়ুন: প্রাকৃতিক দুর্যোগের কারণে বাউবির দুই দিনের পরীক্ষা স্থগিত

জানা গেছে, শনিবার বিকেলে পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় পর্যালোচনায় দেখা যায়, প্রাকৃতিক দুর্যোগের কারণে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্যসংখ্যক আসন এখনো ফাঁকা রয়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ভর্তি কমিটি আগামী ২১ জুলাই পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

ভর্তি কমিটির সদস্য সচিব বলেন, চলমান প্রাকৃতিক দুর্যোগে বিশেষ করে দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত ও যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে অনেক শিক্ষার্থীর পক্ষে নির্ধারিত সময়ে সশরীরে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করা সম্ভব হয়নি। এই মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই সময়সীমা বাড়ানো হয়েছে। বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ৪২০টি শূন্য আসনের বড় একটি অংশ বরিশাল বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে।

আরও পড়ুন: বন্ধ টয়লেটের ভেতরে আটকে ছিল শিক্ষার্থী, ৯৯৯-এ উদ্ধার

তিনি আরও জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখনো ৩৬টি আসন খালি রয়েছে। এর মধ্যে ৩৫টি মেধাভিত্তিক এবং একটি কোটাভিত্তিক আসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অবশিষ্ট শিক্ষার্থীরা বর্ধিত সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

এর আগে টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতির কারণে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর কোর কমিটির ১২ জুলাইয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত ভর্তি কার্যক্রম ১৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে মানবিক দিক বিবেচনায় আবারও সময়সীমা ২১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!