রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এ বছর বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে মোট ২ হাজার ৪১০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আরও পড়ুন: একাদশে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল নটর ডেম কলেজ, আবেদন ১ থেকে ১০ সেপ্টেম্বর
প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ‘একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা-২০২৬’ অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে Sonali Payment Gateway, SSLCommerz এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করে।
আবেদনের জন্য শিক্ষার্থীদের ২২০ টাকা ফি দিতে হবে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব শিক্ষার্থীদের মধ্যে যারা প্রতিষ্ঠানটিতে ভর্তি হতে ইচ্ছুক, তাদের অবশ্যই প্রথম পছন্দ হিসেবে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ নির্বাচন করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন করার সময় প্রত্যেক শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি কলেজ নির্বাচন করতে পারবেন।
আরও পড়ুন একাদশে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল হলি ক্রস কলেজ, আবেদন ২ থেকে ৫ সেপ্টেম্বর
যে জিপিএ লাগবে
বিজ্ঞান বিভাগে ভিকারুননিসার নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ৫.০০ এবং বহিরাগত শিক্ষার্থীদের জন্যও জিপিএ ৫.০০ নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে আসন রয়েছে ১ হাজার ৫৩০টি এবং ইংরেজি ভার্সনে ৩২০টি।
ব্যবসায় শিক্ষা বিভাগে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ৩.০০, আর বহিরাগত শিক্ষার্থীদের জন্য জিপিএ ৪.৫০ নির্ধারণ করা হয়েছে। এ বিভাগে আসন রয়েছে ২৮০টি।
মানবিক বিভাগে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ৩.০০ এবং বহিরাগত শিক্ষার্থীদের জন্য জিপিএ ৩.৫০ লাগবে। এ বিভাগেও আসন রয়েছে ২৮০টি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইংরেজি ভার্সন বিজ্ঞান শাখা থেকে পাস করা শিক্ষার্থীরাই শুধু ইংরেজি ভার্সনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: একাদশে ভর্তি কবে, দেখে নিন
প্রাথমিক নিশ্চায়নে দিতে হবে ৩৪০ টাকা
ঢাকা শিক্ষা বোর্ডের মেধাতালিকা প্রকাশের পর প্রাথমিক নিশ্চায়নের জন্য ৩৪০ টাকা পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন সম্পন্ন হলে ভর্তির পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। নিশ্চায়নের পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন প্রক্রিয়ায় ভর্তি সম্পন্ন হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন চলবে ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আর প্রাথমিক নিশ্চায়নের সময় ১৬ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন করতে ব্যর্থ হলে নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে।
আরও পড়ুন: ৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষাশিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা-২০২৬ অনুযায়ী বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠানের কোটা কার্যকর হবে না। নিয়মিত ক্লাস করতে অনাগ্রহী শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
এ ছাড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তৃতীয়/চতুর্থ বিষয় হিসেবে উচ্চতর গণিত নেওয়া বাধ্যতামূলক। একই সঙ্গে জীববিজ্ঞান ও পরিসংখ্যানের মধ্যে যেকোনো একটি বিষয় নেওয়ার সুযোগ থাকবে।

