জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক বছর মেয়াদি এ কোর্সে দুটি সেমিস্টার থাকবে। ঢাকার ধানমন্ডি ক্যাম্পাসে শুক্রবার ও শনিবার কোর্সটি পরিচালিত হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এমপিএইচ কোর্সে ভর্তির জন্য ইউজিসি স্বীকৃত বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক বা সমমান পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে।
এ ছাড়া ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস, বিডিএস বা বিএসসি ইন নার্সিং কোর্সে সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ থাকতে হবে। চার বছর মেয়াদি স্নাতক (পাস) ও প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ থাকলেও আবেদন করা যাবে।
আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এমএ প্রোগ্রামে ভর্তিতে আবেদনপত্র আহ্বান
আবেদন যেভাবে
ভর্তি প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে Master’s Tab থেকে Apply Now (MPH Program) অপশনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে ৬ আগস্ট ২০২৬ বিকেল ৪টা থেকে। আবেদন করা যাবে ৩০ আগস্ট ২০২৬ রাত ১২টা পর্যন্ত।
অনলাইনে প্রাথমিক আবেদন সম্পন্ন করে পে-স্লিপ ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এরপর সোনালী সেবার মাধ্যমে ১ হাজার টাকা আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ৩ সেপ্টেম্বর ২০২৬।
আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, শিক্ষাগত যোগ্যতার তথ্য এবং জন্মতারিখ সঠিকভাবে দিতে হবে। প্রার্থীর স্নাতক পরীক্ষার মূল মার্কশিটও সংযুক্ত করতে হবে।
ছবি আপলোডের ক্ষেত্রে সদ্য তোলা রঙিন ছবি স্ক্যান করে দিতে হবে। ছবির মাপ ১২০×১৫০ পিক্সেল, ফাইলের ধরন JPG এবং সর্বোচ্চ ফাইল সাইজ ৫০ কিলোবাইট হতে হবে।
আরও পড়ুন: ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর
কোনো প্রার্থী প্রাথমিক আবেদন সম্পন্ন করার পর ছবি পরিবর্তন করতে চাইলে Applicant Login থেকে MPH Program Login অপশনে গিয়ে Form Cancel/Photo Change Option নির্বাচন করতে পারবেন। এরপর Click to Generate the OTP অপশনে ক্লিক করলে আবেদন ফরমে দেওয়া মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে OTP যাবে। OTP ব্যবহার করে ছবি পরিবর্তন করা যাবে। তবে একজন প্রার্থী সর্বোচ্চ একবার ছবি পরিবর্তনের সুযোগ পাবেন।
সঠিক তথ্য ও ছবি আপলোডের পর Submit Application অপশনে ক্লিক করতে হবে। এরপর রোল নম্বর ও পিন কোড উল্লেখপূর্বক Download Pay Slip অপশন থেকে সোনালী সেবার পে-স্লিপ প্রিন্ট করে নির্ধারিত ফি জমা দিতে হবে।
কোনো প্রার্থীর প্রাথমিক আবেদন ফরমে ভুল বা অসত্য তথ্য প্রমাণিত হলে তার ভর্তি বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
পে-স্লিপের মাধ্যমে আবেদন
অনলাইন গেটওয়ের মাধ্যমে প্রাথমিক আবেদন ফি জমা দেওয়ার পর প্রার্থীর আবেদন ফরমে দেওয়া মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে পে-স্লিপ ডাউনলোডের তথ্য জানানো হবে। এরপর Applicant Login (MPH Program Login) থেকে পে-স্লিপ ডাউনলোড করে নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দিতে হবে।
প্রাথমিক আবেদন ফি ছাড়া কোনো প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
আরও পড়ুন: আগস্ট-সেপ্টেম্বর দুই মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ
ভর্তি পরীক্ষা ও মেধা
এমপিএইচ প্রোগ্রামে ভর্তির জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ ও সময় অনুযায়ী প্রার্থীদের অংশ নিতে হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। মৌখিক পরীক্ষার সময় আবেদনকারীদের পরীক্ষার সনদ ও নম্বরপত্রের কপি, সোনালী সেবার মাধ্যমে আবেদন ফি জমার পে-স্লিপের মূলকপি এবং প্রাথমিক আবেদন ফরমের সঙ্গে জমা দেওয়া কাগজপত্র সঙ্গে রাখতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের পরীক্ষায় কোনো প্রার্থী জালিয়াতি, অসত্য তথ্য বা অন্য কোনো অনিয়মের মাধ্যমে মেধা তালিকায় স্থান পেলে এবং পরে তা প্রমাণিত হলে তার ভর্তি বাতিল করা হবে।
মেধাবৃত্তির সুযোগ
এমপিএইচ কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রথম সেমিস্টার পরীক্ষায় জিপিএ ৩.৮০ পাওয়া শিক্ষার্থীদের প্রত্যেককে মাসিক নির্ধারিত হারে এক বছরের জন্য বৃত্তি দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশকে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
গুরুত্বপূর্ণ সময়সূচি
অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করা যাবে ৬ আগস্ট থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত। আবেদন ফি ১ হাজার টাকা জমা দেওয়া যাবে ৬ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ এবং স্থান পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। ভর্তি বিজ্ঞপ্তি, অনলাইন আবেদন ফরম ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের পর কোনোভাবেই আবেদন গ্রহণ করা হবে না। ভর্তি সংক্রান্ত যেকোনো শর্ত পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন হলে তা প্রার্থীদের আগেই SMS বা টেলিফোনের মাধ্যমে জানানো হবে।

