স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। এ কারণে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগ ঘিরে তৈরি হওয়া বোমা আতঙ্ক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উদ্ধার হওয়া ব্যাগগুলো পরীক্ষা করে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। জননিরাপত্তার স্বার্থে সন্দেহজনক বস্তু পাওয়া গেলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তা পরীক্ষা করে থাকে।
তিনি জানান, আশুলিয়ায় প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তুর বিষয়ে পৃথক তদন্ত চলছে। এসব ঘটনার পেছনে কারা জড়িত বা কোনো ধরনের নাশকতার ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: গুম-নির্যাতনের অভিযোগে বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে ‘আয়না ঘর’ পরিদর্শন
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত পাঁচ থেকে ছয় মাসের অপরাধ পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, তুলনামূলকভাবে দেশে অপরাধ ও নাশকতার ঘটনা কমেছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে।

