বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত দীনেশ ত্রিবেদী আগামী বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র (লেটার অব ক্রিডেন্স) পেশ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে শনিবার (২০ জুন) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রাষ্ট্রাচারপ্রধান (চিফ অব প্রটোকল) এ এফ এম জাহিদ উল ইসলামের কাছে তিনি পরিচয়পত্রের অনুলিপি জমা দেন। একই দিনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত এই কূটনীতিক।
ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে দায়িত্বপ্রাপ্ত দীনেশ ত্রিবেদী গত ৫ জুন স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছান। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এবারই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে ভারত।
কূটনৈতিক প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে কোনো রাষ্ট্রদূত বা হাইকমিশনার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি রাষ্ট্রাচারপ্রধানের কাছে পরিচয়পত্রের অনুলিপি জমা দিয়েছেন এবং পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আরও পড়ুন: ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে নাগরিক স্বীকৃতি দিল মিয়ানমার
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনও দায়িত্ব গ্রহণের আগে একই প্রক্রিয়া অনুসরণ করেছিলেন। দীনেশ ত্রিবেদীও প্রচলিত কূটনৈতিক রীতি মেনে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে নতুন হাইকমিশনারের দায়িত্ব গ্রহণকে কূটনৈতিক মহলে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

