বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জিটি রিপোর্ট

প্রকাশ:

বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণে স্বরাষ্ট্রমন্ত্রী|ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারি ও বেসরকারি পর্যায়ে পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ক্ষয়ক্ষতির জরিপ চলছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

ত্রাণ বিতরণ শেষে তিনি চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আরও পড়ুন: বন্যার পর মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান স্পর্শিয়ার

পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসক, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!