বন্যার পর মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান স্পর্শিয়ার

জিটি ডেস্ক

প্রকাশ:

বানভাসি মানুষ ও অবলা প্রাণীর জন্য মানবিক হওয়ার বার্তা দিয়েছেন স্পর্শিয়া।
বানভাসি মানুষ ও অবলা প্রাণীর জন্য মানবিক হওয়ার বার্তা দিয়েছেন স্পর্শিয়া।|ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পানি ধীরে ধীরে নেমে গেলেও দুর্ভোগ এখনো কাটেনি। বরং বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি, খাদ্যসংকট এবং আশ্রয় সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। একই সঙ্গে বানভাসি মানুষ ও অবলা প্রাণীদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে স্পর্শিয়া লিখেছেন, “বন্যার পানি একসময় সরে যায়। কিন্তু যে ক্ষত রেখে যায়, সেটা শুকাতে অনেক সময় লাগে। পানি নেমে যাওয়ার পরই শুরু হয় আরেকটি নীরব সংকট।”

আরও পড়ুন: আজ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘দ্য ওডিসি’, থাকছে স্টার সিনেপ্লেক্সেও

তিনি জানান, দূষিত পানির কারণে ডায়রিয়া, জ্বর, চর্মরোগসহ বিভিন্ন সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই বিশুদ্ধ পানি পান, নিরাপদ খাদ্য গ্রহণ, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং অন্যদেরও সচেতন করার পরামর্শ দেন এই অভিনেত্রী।

স্পর্শিয়া বিশেষভাবে সমাজের ঝুঁকিপূর্ণ মানুষের কথা উল্লেখ করে বলেন, “ঘরের বৃদ্ধ সদস্য, গর্ভবতী মা, ছোট্ট শিশু এবং অসুস্থ মানুষের জন্য এই দুর্যোগ আরও কঠিন। তাদের প্রতি আমাদের বাড়তি যত্ন নিতে হবে।” মানুষের পাশাপাশি গৃহপালিত ও পথপ্রাণীর প্রতিও সহানুভূতি দেখানোর আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: শেষ জীবনে স্মরণীয় কাজের স্বপ্ন, পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করবেন ববিতা

তার ভাষায়, “ওরাও ভয় পায়, ক্ষুধার্ত হয়, আশ্রয় খোঁজে। যদি সামর্থ্য থাকে, একটি শুকনো জায়গা আর একবেলা খাবারের ব্যবস্থা করুন। আপনার ছোট্ট এই মানবিকতাই হয়তো একটি প্রাণ বাঁচিয়ে দিতে পারে।”

পোস্টের শেষাংশে স্পর্শিয়া বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু অর্থ নয়, প্রয়োজন দায়িত্ববোধ, সচেতনতা এবং একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা। তার মতে, একটি শক্তিশালী সমাজ গড়ে ওঠে মানুষের মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!