বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জিটি রিপোর্ট

প্রকাশ:

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী |ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সোমবার (১৩ জুলাই) সকালে একদিনের সরকারি সফরে বরিশাল পৌঁছে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গাছ লাগানোর সময় অনেককে পলিথিনসহ চারা রোপণ করতে দেখা গেছে। এতে গাছ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই চারা রোপণের আগে পলিথিন খুলে মাটিসহ গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ভাষা আন্দোলনের সৈনিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল

জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে তারেক রহমান বলেন, বর্তমানে দেশে আবহাওয়ার বৈচিত্র্য বেড়েছে। শীত কমছে, গরম বাড়ছে এবং অতিবৃষ্টির মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় সারাদেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি বলেন, ২০ কোটি মানুষের দেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা এখনও অনেক কম।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া বৃক্ষরোপণ কর্মসূচিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এগিয়ে নিয়েছিলেন। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা নিয়েছে। এদিন বাটাজোর এলাকায় প্রায় আড়াই হাজার গাছের চারা রোপণ করা হয়।

গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, চারা রোপণ করেই দায়িত্ব শেষ হয় না। একটি শিশুর মতো গাছকেও যত্ন নিয়ে বড় করে তুলতে হবে। তিনি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের গাছগুলো বড় হওয়া পর্যন্ত পরিচর্যার আহ্বান জানান।

আরও পড়ুন: তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর এখন সময়ের দাবি: রাষ্ট্রপতি

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সবার সঙ্গে চারা রোপণ করেন এবং ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের চার মাস পর এটিই তারেক রহমানের প্রথম সরকারি বরিশাল সফর। সফরসূচি অনুযায়ী তিনি পরে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে বরিশালের জিআই স্বীকৃত আমড়া ও নারিকেলসহ বিভিন্ন ফলজ, বনজ ও ফুলের গাছের চারা রোপণ করা হবে। এছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!