গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীন কমিশনের পথে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

জিটি রিপোর্ট

প্রকাশ:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন|ছবি: সংগৃহীত

বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং একটি সুষ্ঠু ও স্বাধীন কাঠামোর মধ্যে আনতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আধুনিক বিশ্বে তথ্যপ্রবাহ ও জবাবদিহিতার বাইরে কোনো রাষ্ট্রের অবস্থান সম্ভব নয় বলেও জানান তিনি।

আজ সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: বাংলাদেশের শিক্ষায় বৈশ্বিক আগ্রহ বাড়ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, একটি স্বাধীন ও সর্বসম্মত ‘গণমাধ্যম কমিশন’ গঠন এখন সময়ের দাবি। সরকার এই ইকোসিস্টেমে কোনো নিজস্ব অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চায় না, বরং সহায়ক বা ফেসিলিটেটর হিসেবে কাজ করতে চায়।

তিনি বলেন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে তথ্য মন্ত্রণালয়ের পরিবর্তে স্বাধীন কমিশনের মাধ্যমে গণমাধ্যম পরিচালিত হয়, এবং বাংলাদেশও সেই পথেই এগোচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে পত্রিকার সার্কুলেশন ও টেলিভিশনের দর্শকসংখ্যা বিষয়ে নির্ভরযোগ্য পরিসংখ্যানের অভাব রয়েছে। তাই সরকার তিনটি ধাপে কাজ করছে যৌথ স্টাডি, ডিজিটাল ডাটা সংগ্রহ এবং সেই ভিত্তিতে নতুন নীতিমালা প্রণয়ন। এতে বিজ্ঞাপনের হার নির্ধারণ ও রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে।

আরও পড়ুন: কেন্দ্র সচিবদের প্রতি বোর্ডের বিশেষ নির্দেশনা

ডিজিটাল যুগের ঝুঁকি তুলে ধরে তিনি বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে পড়ছে। তাই বৈশ্বিক পর্যায়ে একটি ঐক্যবদ্ধ ফোরাম বা সমঝোতা প্রয়োজন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের জ্ঞানভিত্তিক বিনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে কোয়াব সভাপতি এ বি এম সাইফুল হোসেন সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!