এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি আগামী সপ্তাহে প্রত্যাশিতভাবে ৫০ শতাংশ গ্যাস সরবরাহ পুনরুদ্ধার করতে পারলে তার পরের সপ্তাহে শতভাগ সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (২৭ জুলাই) বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এক্সিলারেট এনার্জির পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে আংশিক এবং পরবর্তী সপ্তাহে পূর্ণ সরবরাহ পুনরুদ্ধারের আশা করা হচ্ছে। তবে এ সময়সূচি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানানো হচ্ছে। কারণ এর আগে প্রতিষ্ঠানটি যে সময়সূচি দিয়েছিল, বিভিন্ন কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের ঘটনায় শিক্ষক কারাদণ্ড
তিনি বলেন, “তাদের তথ্যের ওপর ভিত্তি করেই আমরা পরিকল্পনার কথা বলছি। নির্দিষ্ট দিন-তারিখ নিশ্চিত করে বলছি না, কারণ আগের নির্ধারিত সময়সূচি বিভিন্ন কারণে বাস্তবায়ন করা যায়নি।”
এলএনজি টার্মিনাল মেরামতের জটিলতার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, একটি ইঞ্জিন মেরামতের সময় যেমন খুলে দেখার পর অতিরিক্ত সমস্যা ধরা পড়ে, তেমনি এ ধরনের জটিল অবকাঠামো মেরামতের ক্ষেত্রেও অপ্রত্যাশিত সমস্যা সামনে আসে। তিনি জানান, এ ধরনের দুর্ঘটনা মোকাবিলার অভিজ্ঞতা এক্সিলারেট এনার্জি, সামিট কিংবা বাংলাদেশ সরকারের কারওই আগে ছিল না। ফলে কাজ করতে গিয়ে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশকে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
জনভোগান্তির বিষয়টি স্বীকার করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমরা বুঝতে পারছি মানুষের কষ্ট হচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের কাছে দুঃখ প্রকাশ করতে আমাদের কোনো দ্বিধা নেই। দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। জনগণের প্রত্যাশা পূরণে আমরা দায়িত্ব নিয়েই সর্বোচ্চ চেষ্টা করছি।”
তিনি জানান, গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে এবং পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

