দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এই রোগের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে হামের উপসর্গে ঢাকা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ২ জন এবং বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মৃত্যুবরণ করেছেন। এছাড়া ঢাকা বিভাগে হামে আরও একজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮৬ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২৩৮ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাড়ছে হাম সংক্রমণ, নতুন শনাক্ত ৮
গত ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত দেশে হামে মোট ৫৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে মারা গেছেন আরও ২৭৯ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২০৮ জনে এবং সন্দেহজনক রোগীর সংখ্যা ৪৫ হাজার ৪৯৮ জনে পৌঁছেছে।
এছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৩১ হাজার ৯১২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ২৮ হাজার ২৩৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

