চট্টগ্রামের মিরসরাইয়ে জুমার নামাজে ইমামতি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ড্রাম ট্রাকের চাপায় হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত আমিরুল ইসলাম ফারুকী উপজেলার রহমতাবাদ এলাকার মরহুম হাফেজ মাওলানা আবু জাফর ফারুকীর দ্বিতীয় ছেলে। তিনি রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন: সরকারি ছুটি বাড়ল একদিন, জারি পরিপত্র
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বারইয়ারহাটের মেহেদীনগর এলাকার একটি জামে মসজিদে জুমার নামাজে ইমামতি শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে মহাসড়কের ওয়ার্লেস এলাকায় একটি ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: হাসপাতাল-মাতৃসদনে রূপ নেবে অব্যবহৃত সরকারি ভবন: প্রধানমন্ত্রী
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. শরিফুজ্জামান বলেন, শুক্রবার বিকেল ৩টার দিকে ওয়ার্লেস এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আমিরুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

