জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে ফারজানা রুপাকে ছয়টি মামলায় এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় জামিন দেওয়া হয়েছে। এছাড়া একটি মামলায় তাদের জামিন প্রশ্নে রুল জারি করেছেন আদালত। তবে সব মামলায় এখনও জামিন না হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের পৃথক জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আরও পড়ুন: গুলশানে বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
আদালতে আসামিপক্ষের হয়ে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
এর আগে, গত ২১ এপ্রিল জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হত্যাসহ সাতটি মামলায় সাংবাদিক দম্পতির জামিন আবেদনের শুনানি শেষ হয়। পরে আদেশের জন্য দিন নির্ধারণ করা হলেও তা পিছিয়ে যায়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ আগস্ট রাজধানীর আদাবর থানায় দায়ের করা গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আদালত শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার তদন্তে নতুন মোড়
এর আগে, একই বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানায় দায়ের করা ফজলুল করিম হত্যা মামলায় আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় এই সাংবাদিক দম্পতিকে।
এস/এম

