জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: এলজিআরডি মন্ত্রী

জিটি রিপোর্ট

প্রকাশ:

জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি
জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি|ছবি: সংগৃহীত

জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতির যৌথ আয়োজনে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফয়সালা হবে—এ ধরনের বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। জুলাই সনদে আমরা সবাই একসঙ্গে স্বাক্ষর করেছি। আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলই এতে স্বাক্ষর করেছে। আমরা বারবার বলেছি, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ।”

আরও পড়ুন: ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “যে গণভোটের কথা বলা হচ্ছে, তার একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। বিশেষ করে উচ্চকক্ষে অনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়ে আমরা কখনোই একমত ছিলাম না। সে সময়ও আমি বিবৃতি দিয়ে বলেছিলাম, জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। সংস্কার কমিশন আমাদের সম্মতি ছাড়াই ওই প্রস্তাবগুলো উপস্থাপন করেছিল।”

মন্ত্রী আরও বলেন, “জুলাই সনদের প্রতিটি জায়গায় বলা হয়েছে, যে দল নির্বাচিত হবে তারা নিজেদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সনদ বাস্তবায়ন করবে। আমরা যেমন ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, তেমনি জুলাই সনদ বাস্তবায়নেও অঙ্গীকারবদ্ধ। কিন্তু বিরোধী দল এ বিষয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে।”

আরও পড়ুন: চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সংবিধান সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই। বিএনপি কখনোই সংবিধান সংস্কারের কথা বলেনি। জনগণ আমাদের যে ম্যান্ডেট দিয়েছে, সেই ম্যান্ডেট ও নির্বাচনী ইশতেহারের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছি।”

বিএনপিকে নিয়ে বিভিন্ন সমালোচনার জবাবে মির্জা ফখরুল বলেন, “বিএনপির ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় ১ হাজার ৭০০ নেতাকর্মী গুম হয়েছেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কয়েক হাজার নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। তাই এসব বিষয় বারবার তুলে ধরতে হয়, কারণ এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।”

অনুষ্ঠানের শেষে প্রয়াত অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!